প্রেমের ফাঁদে কি পা দিয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থার কর্ণধার? নাকি ব্যক্তিগত সম্পর্কের আড়ালে চলছে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি? এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে এমনই বিস্ফোরক অভিযোগে তোলপাড় আমেরিকা। চিনা যুবতী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার পাশাপাশি সামনে এসেছে অত্যাধুনিক এআই চিপ পাচারের অভিযোগও। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
অভিযোগ, অ্যালিস চিনের জাতীয় নিরাপত্তা মন্ত্রকের হয়ে কাজ করেন। তাঁর সংস্থা ‘মেগাস্পিড’ এনভিডিয়ার কাছ থেকে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য কিনেছে। মার্কিন আধিকারিকদের আশঙ্কা, অত্যাধুনিক এআই চিপ আমেরিকা থেকে কিনে ঘুরপথে চিনে পাচার করাই ছিল সংস্থাটির উদ্দেশ্য।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে মেগাস্পিডের সদর দফতরে কর্মীর সংখ্যা ছিল মাত্র দু’জন। মালয়েশিয়ার অফিসগুলির অবস্থাও ছিল সন্দেহজনক। ২০২৪ সালে মার্কিন আধিকারিকেরা সংস্থার ডেটাসেন্টারে গিয়ে এনভিডিয়ার দামি যন্ত্রপাতি বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়।
অভিযোগ, চিনে এআই চিপ রফতানির উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ট্রাম্প প্রশাসনের উপর চাপ তৈরি করছিলেন জেনসেন। অ্যালিসের প্রভাবেই তিনি এমন উদ্যোগ নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। তাঁর দাবি, জেনসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অ্যালিস গুপ্তচর হতে পারেন, এমন কোনও ধারণাই তাঁর ছিল না। ট্রাম্পের আশা, তদন্তে স্বচ্ছ ভাবেই বেরিয়ে আসবেন এনভিডিয়া কর্তা।
অন্যদিকে, চিন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এনভিডিয়ারও দাবি, সংস্থার গোপন তথ্য বা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও তথ্য ফাঁস হয়েছে বলে তাদের ধারণা নেই। সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক ছাপিয়ে এখন আমেরিকার জাতীয় নিরাপত্তা ও এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে।