হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গার খরস্রোতে তলিয়ে গেলেন যুবক কৈফি শেখ।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের রিলস (Reels) বানিয়ে লাইক-ভিউ পাওয়ার তীব্র উন্মাদনা কেড়ে নিতে বসেছে আরও এক তাজা প্রাণ! অ্যাডভেঞ্চারের চক্করে জীবনের তোয়াক্কা না করে ভিডিও বানাতে গিয়ে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে ঘটে গেল অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা। ভরা গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন কৈফি শেখ নামে এক যুবক।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার বিকেলে বেশ কয়েকজন বন্ধু-বান্ধবের সাথে রামকৃষ্ণপুর ঘাটে আড্ডা দিতে ও ঘুরতে এসেছিলেন কৈফি। সেখানে ঘাটে বাঁধা একটি নৌকো দেখে হঠাৎই তাঁর মাথায় চেপে বসে রিলস বানানোর ভূত! ভিডিওটি আকর্ষণীয় করতে তিনি বন্ধুদের বলেন, তিনি খরস্রোতা গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটবেন এবং সেই পুরো দৃশ্যটি মোবাইল ক্যামেরায় শুট করতে হবে। যেমন ভাবা তেমন কাজ! নিজের ফোনটি বন্ধুর হাতে তুলে দিয়ে ‘রিলস’-এর নিখুঁত শটের জন্য খরস্রোতা গঙ্গায় ঝাঁপ দেন কৈফি। বন্ধুটিও মোবাইলের ক্যামেরা অন রেখে পুরো বিষয়টি রেকর্ড করতে শুরু করেন। কিন্তু বিপত্তি ঘটে মুহূর্তের মধ্যেই!
জোয়ারের টানে তখন গঙ্গার স্রোত ছিল মারাত্মক। সাঁতার কাটার মাঝপথেই প্রবল জলের তোড়ে খেই হারিয়ে ফেলেন কৈফি। নিজের শরীরকে স্রোতের বিপরীতে টেনে পাড়ে নিয়ে আসতে ব্যর্থ হন তিনি। কিছু বুঝে ওঠার আগেই, বন্ধুদের চোখের সামনেই গঙ্গার তলদেশে তলিয়ে যান ওই যুবক। ঘটনার আকস্মিকতায় ঘাটে উপস্থিত বন্ধুদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়, শুরু হয় চিৎকার-চেঁচামেচি। খবর পৌঁছায় শিবপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, গঙ্গা রিভার্স ফোর্স এবং বিশেষ ডুবুরি দল। গঙ্গা বক্ষে উদ্ধারকারী ট্রলার ও স্পিডবোট নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজে জোরকদমে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। খবর পেয়ে রামকৃষ্ণপুর ঘাটে ছুটে আসেন কৈফি শেখের পরিবারের সদস্যরা। সম্ভাবনাময় এক তরুণের এমন মর্মান্তিক পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। পুরো ঘাটজুড়ে এখন শুধুই শোকের ছায়া ও হাহাকার।