কেন্দ্র-ককরোচের পরবর্তী বৈঠক শনিবার

সিজেপির সঙ্গে দু’ঘণ্টার বৈঠক শেষে তিন দফা দাবি ও পাঁচ সংস্কার প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্র। শনিবার ফের আলোচনা

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নিট-সহ জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর তিনি জানান, সিজেপির উত্থাপিত দাবি এবং পরীক্ষা সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলি নিয়ে সরকার অভ্যন্তরীণ আলোচনা করবে। তার পর শনিবার ফের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে সরকারের অবস্থান জানানো হবে।

বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাড্ডা বলেন, “প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। সিজেপি তিনটি মূল দাবি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পাঁচটি প্রস্তাব দিয়েছে। আমরা জানিয়েছি, সরকারের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। শনিবার দুপুরে আবার তাঁদের সঙ্গে বৈঠক করে সেই আলোচনার ফল জানানো হবে।”

এটি সিজেপির সঙ্গে কেন্দ্রের দ্বিতীয় দফার বৈঠক। আলোচনায় নাড্ডার পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্য দিকে, সিজেপির প্রতিনিধিত্ব করেন সংগঠনের প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা।

বৈঠক শেষে রাংকা দাবি করেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে সরকার। তাঁর কথায়, “আমরা আশা করছি সরকার দ্রুত ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের সিদ্ধান্ত নেবে।” একই সঙ্গে তিনি জানান, নিট পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও অন্যান্য আইনি মামলা প্রত্যাহারের দাবিতে নীতিগত সম্মতি দিয়েছে কেন্দ্র।

তবে আন্দোলনের মূল দাবি থেকে একচুলও সরেনি সিজেপি। সংগঠনের বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।

এই বৈঠকের আগে ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। নিট পরীক্ষা এবং দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে তিনি দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছিলেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরই তিনি অনশন ভাঙেন। ওয়াংচুক জানিয়েছিলেন, প্রথমে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হলেও তিনি লিখিত নথি না পাওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করতে রাজি হননি।

কেন্দ্র ও সিজেপির পরবর্তী আলোচনা শনিবার। সরকারের অভ্যন্তরীণ আলোচনার পরে ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ, পরীক্ষা সংস্কারের রূপরেখা এবং আন্দোলনের ভবিষ্যৎ— এই তিনটি বিষয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ওই বৈঠকে। ধারণা রাজনৈতিক মহলের একাংশের।