ডিলিমিটেশন বিল পাশের পথে মোদী-শাহ? তুঙ্গে জল্পনা

সংসদে ডিলিমিটেশন বিল পাস হওয়া কি এখন শুধুই সময়ের অপেক্ষা? রাজনৈতিক হিসাব-নিকাশ যে দিকে এগোচ্ছে, তাতে এই বিল আটকে দিতে বিরোধীরা শেষ পর্যন্ত কতটা সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে। গত সাত মাসে কার্যত বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদের মোকাবিলা করে বিল পাসের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের জুটি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সব ঠিকঠাক থাকলে নভেম্বরের চতুর্থ সপ্তাহেই সংসদের দুই কক্ষে অনুমোদন পেতে পারে বহু আলোচিত ডিলিমিটেশন বিল। এই বিল আইনে পরিণত হলে লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে এই পরিবর্তন বিজেপির জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে। এক প্রবীণ সাংসদের কথায়, বিল পাসের বিষয়ে আত্মবিশ্বাসী শাসক শিবির। তাঁর দাবি, দুই-তৃতীয়াংশ সমর্থন রয়েছে বলেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৭ এপ্রিল লোকসভায় ডিলিমিটেশন বিলের ভোটাভুটিতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করতে পারেনি বিজেপি। ৩৬২টি ভোটের লক্ষ্যমাত্রার বদলে শাসক শিবিরের ঝুলিতে এসেছিল মাত্র ২৯৪টি ভোট। কিন্তু সাত মাসের ব্যবধানে বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। এবার বিল পাশ করাতে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ৬৮টি ভোটের ব্যবস্থা করতে হবে তাদের। সেই লক্ষ্যেই দীর্ঘ প্রস্তুতির পর সংসদে ভোটাভুটির ময়দানে নামতে চাইছে বিজেপি।

এই সময়ের মধ্যে এনডিএ শিবিরের শক্তি বেড়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। অন্যদিকে, বিরোধী জোটের সাংসদ সংখ্যাও কমেছে। তৃণমূলের ২০ জন সাংসদ-সহ আরও পাঁচ সাংসদ এনডিএর দিকে যোগ দেওয়ায় শাসক জোটের বর্তমান শক্তি ৩১৯। গতবার বিরোধী শিবিরের পক্ষে থাকা ২৩০টি ভোটের মধ্যে এবার তৃণমূলের ২০, ডিএমকের ২২ এবং শরদ পাওয়ারের দলের আট সাংসদের সমর্থন আর পাওয়া যাবে না বলে দাবি করা হচ্ছে। ফলে বিরোধীদের সম্ভাব্য শক্তি কমে দাঁড়িয়েছে ১৮০-তে।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় স্ট্যালিনের অবস্থান নিয়েও জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, শরদ পাওয়ারের দলকেও নিজেদের দিকে টানার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সেই সমর্থন মিললে এনডিএর সংখ্যা বেড়ে ৩৪০-এ পৌঁছতে পারে। তবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য তখনও প্রয়োজন আরও ২২টি ভোট। ফলে শেষ পর্যন্ত এই ২২টি ভোটের সমীকরণই ডিলিমিটেশন বিলের ভাগ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। উত্তরপ্রদেশের কথা ভেবে অখিলেশ যাদব ডিলিমিটেশন বিলকে সমর্থন করলে লোকসভায় প্রয়োজনীয় সংখ্যা পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টির ৩৭ সাংসদের ভোট পেলে দুই-তৃতীয়াংশের লক্ষ্য পূরণ সহজ হবে। তবে সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন থাকায় অখিলেশ কী অবস্থান নেন, তা নিয়ে জল্পনা রয়েছে।

তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না মোদী-শাহ শিবির। বিজেপি সূত্রের দাবি, বিরোধী শিবিরের একাধিক সাংসদের সঙ্গে গত কয়েক মাস ধরে যোগাযোগ রাখা হচ্ছে। কংগ্রেস, তৃণমূল এবং ছোট শরিক দলগুলির সাংসদদের সঙ্গেও আলোচনা হয়েছে। ভোটের দিন তাঁদের কেউ অনুপস্থিত থাকবেন, নাকি বিলের পক্ষে ভোট দেবেন, তা স্পষ্ট নয়। তবে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কৌশল নিয়েছে বিজেপি। রাজ্যসভাতেও একই অঙ্ক কষছে শাসক শিবির। সেখানে দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ১৬১টি ভোট। এনডিএর হাতে রয়েছে ১৫৩টি আসন। অর্থাৎ আরও আটটি ভোটের প্রয়োজন। বিজেপির আশা, বিরোধী শিবিরের কিছু সাংসদের সমর্থন বা অনুপস্থিতির মাধ্যমে সেই ঘাটতি মেটানো সম্ভব হতে পারে।