হাসিনার প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারতের দুই শর্ত?

যে দেশ ছাড়তে হয়েছিল সেনার যুদ্ধবিমানে, সেই দেশেই কি এবার ফিরবেন শেখ হাসিনা? যে ঢাকায় একদিন তাঁর বাসভবনে চলেছিল তাণ্ডব, সেই ঢাকাতেই কি আবার পা রাখবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন হাসিনা। কিন্তু তাঁর ফেরার পথে সবচেয়ে বড় বাধা এখন কে? ঢাকা, না কি দিল্লির কূটনৈতিক শর্ত? কারণ, হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ভারত নাকি বাংলাদেশের সামনে রেখেছে দুটি শর্ত। আর সেই দুই শর্তের জালেই কি আটকে যেতে পারে হাসিনার দেশে ফেরা?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত নিরাপত্তা নিয়ে। যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধবিমানে চেপে ঢাকা ছেড়েছিলেন হাসিনা, সেভাবেই তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশকে। প্রয়োজনে বিমান পাঠাতে হবে, অথবা সীমান্ত থেকে স্থলপথে ফেরানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ, হাসিনাকে ফেরানোর দায়িত্ব নিতে হবে ঢাকাকেই। তাঁর নিরাপত্তার দায় এড়ানোর সুযোগ থাকবে না বাংলাদেশের।

কিন্তু দ্বিতীয় শর্ত আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ফিরলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে। পাশাপাশি জুলাই আন্দোলন সংক্রান্ত বিচারপ্রক্রিয়ায় সুষ্ঠু বিচারের নিশ্চয়তা চাইছে ভারত বলে দাবি প্রতিবেদনে। এক ভারতীয় আধিকারিকের বক্তব্যের সূত্র ধরে বলা হয়েছে, কাউকে জেনেশুনে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিতে পারে না ভারত। কিন্তু প্রশ্ন, এই শর্ত কি মানবে ঢাকা? যে হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ, তাঁর বিচারপ্রক্রিয়া নিয়েই কি এবার নতুন করে শর্তের মুখে পড়বে তারেক রহমানের সরকার? নয়াদিল্লি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে এই দুই শর্তের কথা স্বীকার করেনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করেননি। বাংলাদেশের তরফেও আসেনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তাহলে কি পর্দার আড়ালে চলছে বড় কোনও কূটনৈতিক অঙ্ক?

এ বিষয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এখন আর শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রশ্ন নয়। এটা একটা ভারত-বাংলাদেশের সম্পর্ক। যদি হাসিনা দেশে ফেরেন তবে বাংলাদেশের সেনাবাহিনীকে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পর থেকেই দিল্লিতে রয়েছেন হাসিনা। তাঁকে ফেরানোর জন্য একাধিকবার চাপ দিয়েছে ঢাকা। কূটনৈতিক বার্তাও পাঠানো হয়েছে। কিন্তু ভারত এখনও তাঁকে প্রত্যর্পণ করেনি। এবার সেই পরিস্থিতিতেই নতুন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং হাসিনা। গত ৯ নভেম্বর বাংলাদেশের পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, তাঁর আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে গিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। ভারতে আসার পর বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

তাহলে কি এবার সত্যিই ফেরার প্রস্তুতি? পাসপোর্টের আবেদন কি ডিসেম্বরের প্রত্যাবর্তনের প্রথম ধাপ? কিন্তু হাসিনার ফেরার প্রশ্নে ঢাকার অবস্থান যে সহজ নয়, তা স্পষ্ট বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে। তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক সামাজিক মাধ্যমে দাবি করেছেন, একাধিক দেশ হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয়। তাঁর বক্তব্য, আওয়ামী লীগ কর্মীদের রক্তের উপর ভর করেই বাংলাদেশে ফিরতে চাইছেন হাসিনা। অর্থাৎ, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে।

এর মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও সাক্ষাৎ করেন। যদিও হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সেখানে আলোচনা হয়েছিল কি না, তার কোনও সরকারি নিশ্চয়তা নেই। তবু প্রশ্ন উঠছে, হাসিনার প্রত্যাবর্তন কি শুধুই রাজনৈতিক দরকষাকষি? নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপত্তা ও সামরিক স্তরের প্রস্তুতিও?

এখন দিল্লির সামনে দুটি বিষয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের জট কাটানো এবং হাসিনার ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা। আর ঢাকার সামনে আরও কঠিন প্রশ্ন। ভারতের শর্ত মানলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রতিক্রিয়া হবে? না মানলে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে?

বিবিসির প্রতিবেদনে আরও ইঙ্গিত, হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলেও ভারত নিজের কূটনৈতিক অবস্থান ধরে রাখতে পারে। কারণ, দিল্লি বলতে পারবে, হাসিনা ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিই তাঁর ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ, হাসিনার প্রত্যাবর্তন সফল হোক বা ব্যর্থ—দুই পরিস্থিতির জন্যই তৈরি থাকতে পারে দিল্লি। এই বক্তব্য থেকে বোঝা যায়, প্রত্যাবর্তন সফল হোক বা ব্যর্থ দুই পরিস্থিতির জন্যই দিল্লি নিজের কূটনৈতিক অবস্থান তৈরি রাখতে চাইছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন নজর ডিসেম্বরের দিকে।

যে হাসিনা একদিন যুদ্ধবিমানে চেপে বাংলাদেশ ছেড়েছিলেন, তাঁর কি এবার প্রত্যাবর্তনের বিমান তৈরি? নাকি সেই বিমান ওড়ার আগেই থামিয়ে দেবে দিল্লি-ঢাকার কূটনৈতিক টানাপোড়েন? একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরা, দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ—সব অঙ্ক এখন এসে মিশেছে এক বিন্দুতে। অপারেশন হাসিনা!