দলীয় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার অভিযোগ তুলে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও ধরনের লেনদেন আপাতত বন্ধ রাখার আর্জি জানিয়ে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিলেন দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের নেতৃত্ব, নিয়ন্ত্রণ এবং সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে বলে দাবি করে তিনি ব্যাঙ্ককে অবিলম্বে ফ্রিজ করার অনুরোধ জানিয়েছেন।
গত ১২ জুন কলকাতার একটি এইচডিএফসি ব্যাঙ্ক শাখার ম্যানেজারের উদ্দেশে পাঠানো চিঠিতে অরূপ নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) কোষাধ্যক্ষ হিসাবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, বর্তমানে দলের প্রতিনিধিত্ব ও নেতৃত্বের বৈধতা নিয়ে একাধিক পক্ষ দাবি জানাচ্ছে। ফলে দলের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার হাতে রয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চিঠিতে অরূপ লিখেছেন, দলের আর্থিক সম্পদ রক্ষার স্বার্থে কোনও ধরনের ডেবিট লেনদেন, অর্থ স্থানান্তর, অপসারণ বা পরিচালন সংক্রান্ত নির্দেশ পরিবর্তনের অনুমতি দেওয়া উচিত নয়। তাঁর অভিযোগ, দলের প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং সম্পদের মালিকানা ঘিরে গুরুতর বিরোধের সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
অরূপ আরও দাবি করেছেন, দলের বহু নির্বাচিত জনপ্রতিনিধি ইতিমধ্যেই দল ছেড়েছেন অথবা প্রকাশ্যে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার জেরে দলের প্রকৃত নেতৃত্ব কার হাতে রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
চিঠিতে একটি বিশেষ উদ্বেগের কথাও উল্লেখ করেছেন অরূপ। দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাঙ্ক চেক গুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। ফলে অনুমোদনহীন বা বিতর্কিত লেনদেন হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের লেনদেন স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তিনি।
অরূপের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান রানা বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর দাবি, তৃণমূলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টই অবিলম্বে ফ্রিজ করা উচিত। রানার অভিযোগ, ওই অ্যাকাউন্টগুলিতে থাকা অর্থের উৎস নিয়েই প্রশ্ন রয়েছে।
অরূপের চিঠি প্রকাশ্যে আসার পর তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে দলের বর্তমান নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ অরূপের আবেদনের পর কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।