মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি, লাস ভেগাসে সেরা ‘আদিশক্তি’

মুক্তির আগেই একের পর এক পুরস্কার। অসমিয়া ছবি ‘আদিশক্তি’-র ঝুলিতে এ বার এল আন্তর্জাতিক সম্মান। পরিচালক বিটোপন কাশ্যপের এই পূর্ণদৈর্ঘ্যের ছবিটি আমেরিকার লাস ভেগাসে আয়োজিত ‘লাস ভেগাস ইন্ডি অ্যাওয়ার্ডস’-এ জিতে নিল সেরা ছবির পুরস্কার। ফলে ছবি মুক্তির আগেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অসমের চলচ্চিত্র জগতে নতুন করে নজর কাড়ল ‘আদিশক্তি’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আয়রা মোশন পিকচার্সের ব্যানারে তৈরি ছবিটি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় একাধিক নির্বাচিত ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরার শিরোপা ছিনিয়ে নেয়। লাস ভেগাস ইন্ডি অ্যাওয়ার্ডস মূলত স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য— দুই ধরনের স্বাধীন ছবির সৃষ্টিশীল কাজকে স্বীকৃতি দেয়। সেই মঞ্চেই ‘আদিশক্তি’-র এই সাফল্যকে ছবির নির্মাতাদের বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে।

শুধু পুরস্কার নয়, লাস ভেগাসে ছবিটির প্রদর্শনের জন্যও আনুষ্ঠানিক ভাবে নির্বাচন হয়েছে। নেভাডার লাস ভেগাসের ‘কর্পোরেট লাস ভেগাস— ওয়ার্কস্পেস নিয়ার দ্য স্ট্রিপ’-এ ছবিটি প্রদর্শিত হবে। আন্তর্জাতিক মঞ্চে ছবিটির সফরে এটিকে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন নির্মাতারা।

এর আগে দিল্লিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সিনে কনফ্লুয়েন্স’-এর মঞ্চেও একাধিক সম্মান পেয়েছিল ‘আদিশক্তি’। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (জিআইএফএফ) প্ল্যাটফর্মে ছবিটি সেরা ছবির জন্য বিশেষ স্বীকৃতি পায়। একই অনুষ্ঠানে ছবির অভিনয়ের জন্য ড. আরশিয়া মহন্ত পান সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। ছবির মৌলিক গল্পের জন্য সম্মানিত হন ইন্দ্রাণী বরুয়া।

দিল্লিতে তিনটি স্বীকৃতির পর লাস ভেগাসে সেরা ছবির পুরস্কার এবং প্রদর্শনের সুযোগ— সব মিলিয়ে মুক্তির আগেই ‘আদিশক্তি’ ঘিরে প্রত্যাশা বেড়েছে।

এ বার সেই পুরস্কারজয়ী ছবিকে অসমের দর্শকদের সামনে আনার প্রস্তুতি। আগামী ৪ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘আদিশক্তি’-র। আন্তর্জাতিক মঞ্চের সাফল্যের পর ছবিটি ঘরের দর্শকদের কতটা টানে, সেটাই এখন দেখার।