অবশেষে ‘বন্দে ভারত’ পরিষেবা চালু হতে চলেছে শ্রীনগর ও জম্মুর মধ্যে ! কবে থেকে শুরু পরিষেবা ?

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যিই জম্মু থেকে শ্রীনগরের মধ্যে ‘বন্দে ভারত’ ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন।আপাতত জম্মু তাওয়াই থেকে শ্রীনগরের মধ্যে দুই জোড়া ‘বন্দে ভারত’ রেক চলবে।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- দীর্ঘ বছরের অপেক্ষার অবসান। জম্মু ও শ্রীনগরের মধ্যে ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো আজ থেকে প্রায় ৪২ বছর আগে। এই সিদ্ধান্তকে বাস্তবে রুপ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় ছিলো বানিহাল এলাকায় পাহাড়ের দুই পার কে সেতুর মাধ্যমে জোড়া। বানিহালের এই রেল ব্রিজ, যা ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ হিসাবে মান্যতা পেয়েছে, তার কাজ শেষ হ‌ওয়ার পর একাধিকবার সেফটি কার চালিয়ে দেখা হয়েছে। অতি সম্প্রতি নির্দিষ্ট গতিবেগে এই সেতুর উপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চালিয়েও দেখে নিয়েছে রেল‌ওয়ে সেফটি বোর্ড। সূত্রের খবর, আগামি কাল অর্থাৎ শুক্রবার, ৬ জুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেনের যাত্রাপথের উদ্বোধন করবেন।

গত মাসের ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর করার কথা ছিলো। কথা ছিলো সেই সময়‌ই এই ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন তিনি। কিন্তু আবহাওয়া খারাপ হতে পারে এই আশঙ্কায় প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিলো। তারপরেই ২২ এপ্রিল পহেলগাঁও এ জঙ্গি হামলার ঘটনা ঘটে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তার ফলেও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় জম্মু শ্রীনগরের মধ্যকার এই ট্রেন পরিষেবার উদ্বোধন।

জম্মুর পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, এবং আবহাওয়াও অনুকুল হ‌ওয়ায় আগামিকাল অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রীর হাত দিয়েই জম্মু শ্রীনগর ট্রেন পরিষেবার উদ্বোধন করা হচ্ছে। জানা গিয়েছে শুক্রবার প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের জন্য একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। সেই তালিকাতেই রয়েছে এই ট্রেন। ভারতীয় টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং এর এক অসম্ভব কীর্তি ‘চেনাব রেল ব্রিজ’। ২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেল পথে ‘বন্দে ভারত’-কে পার করতে হবে বিশ্বের উচ্চতম আর্ক রেল ব্রিজ, যার উচ্চতা ৩৫৯ মিটার বা ১,১৮৮ ফুট। এই রেলপথে রয়েছে ৩৬ টি সুড়ঙ্গ ও ৯৪৩ টি ব্রিজ। ৪৩ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথের দুই দিকে এক অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতেই যাত্রীরা জম্মু থেকে শ্রীনগর পৌঁছে যাবেন।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর আপাতত দুই জোড়া ‘বন্দে ভারত’ চলবে এই পথে। ট্রেন নম্বর ২৬৪০১ জম্মু তাওয়াই থেকে ছাড়বে ভোর ৬ টা ২০ মিনিটে আর শ্রীনগর পৌঁছাবে বেলা ১১ টা ১০ এ। পথে ৮ টা ০৫ এ বৈষ্ণ দেবী কাটরা, ৯ টা ৫৮ তে বানিহাল এ দাঁড়াবে। ফেরার পথে ২৬৪০২ নম্বর ট্রেনটি দুপুর দুটোর সময় শ্রীনগর থেকে ছেড়ে জম্মু পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে। এই ট্রেনটির(২৬৪০১/২৬৪০২) পরিষেবা মঙ্গলবার বন্ধ থাকবে। উল্টোদিকে ২৬৪০৩ নম্বর ট্রেনটি জম্মু থেকে ছাড়বে প্রতিদিন (বুধবার ছাড়া) বেলা ১টা ২০ মিনিটে এবং শ্রীনগর পৌঁছাবে সন্ধ্যা ৬ টায় ও ফেরার পথে (২৬৪০৪) শ্রীনগর থেকে সকাল ৮ টায় ছেড়ে জম্মু পৌঁছাবে বেলা ১২ টা ৪০ মিনিটে। বুধবার করে এই ট্রেনটির পরিষেবা বন্ধ থাকবে।