বাংলাদেশের নড়াইল জেলায় আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিএনপির সঙ্গে যুক্ত একদল মানুষের বিরুদ্ধে। বুধবার বিএনপির দুই নেতাকে খুনের ঘটনার বদলা নিতেই শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় কয়েক ডজন বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
শুক্রবার দুপুরের পর কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামে হামলা শুরু হয়। রাত পর্যন্ত চলে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা। নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত বিভিন্ন বাড়ি ও সম্পত্তিকে নিশানা করা হয়। হামলার শিকার হয়েছে নড়াইল-১ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিএম কবিরুল হক মুক্তির পৈতৃক বাড়ি এবং কালিয়া পুরসভার প্রাক্তন মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, দমকল সূত্রে খবর, প্রায় ২০ থেকে ২৫টি বাড়ির মোট ৫০টিরও বেশি ঘর আগুনে পুড়ে গিয়েছে। বারদিয়া বাজারের বেশ কয়েকটি দোকানেও আগুন লাগানো হয়। যদিও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের দাবি, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার বিএনপির সঙ্গে যুক্ত দুই নেতাকে খুনের ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদের নাম শাহিন মোল্লা এবং সোহেল মোল্লা। শাহিন কালিয়া পুরসভার কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে, সোহেল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গিয়েছে, বুধবার বেন্দার চর গ্রামের বটতলা মোড়ে মোটরবাইকে যাওয়ার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে খুলনার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শুক্রবারের হামলায় বিএনপির সঙ্গে যুক্ত লোকজন জড়িত ছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু দাবি করেছেন, দলের কোনও নেতা বা কর্মী এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নন। এমনকী, সমাজমাধ্যমে ২০০-র বেশি বাড়িতে হামলার যে দাবি ছড়িয়েছে, তাও খারিজ করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল পৌনে ৫টা নাগাদ নিহত দুই বিএনপি নেতার আত্মীয়-পরিজন-সহ একদল উত্তেজিত মানুষ গ্রামে জড়ো হন। বুধবারের খুনের ঘটনায় আওয়ামি লিগের কর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
শনিবার নড়াইল জেলা পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হামলায় হিন্দুদের বাড়ি বা দোকানপাটকে নিশানা করা হয়েছে বলে সমাজমাধ্যমে যে দাবি ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। নড়াইলের পুলিশ সুপার মহম্মদ আল মামুন সিকদারের অভিযোগ, পুরনো ভিডিয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভিডিয়ো ছড়িয়ে ঘটনাকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। গত ২০ নভেম্বর বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দেশজুড়ে হামলার ঘটনায় জড়িতদের ‘জঙ্গি গোষ্ঠী’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও অগ্নিসংযোগ ও রাজনৈতিক খুনের ঘটনার নিন্দা করেছিলেন। লালমনিরহাটে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অনেক হয়েছে। এই জঙ্গি, আগুন লাগানো এবং খুনের ঘটনায় জড়িতদের স্পষ্ট জবাব দিতে হবে।”
অন্যদিকে, দেশের বিভিন্ন এলাকায় অশান্তি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোট ৯৬টি প্লাটুন মোতায়েন করেছে।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করবে না ভারত।অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। হাসিনার জন্য নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (NID) তৈরির আবেদন জানানো হয়েছে। ২০২৪ সালের অগস্ট মাস থেকে তিনি ভারতে রয়েছেন।