রামমন্দির উদ্বোধনের পর বদলে যাচ্ছে অযোধ্যার অর্থনৈতিক মানচিত্র। ধর্মীয় পর্যটনের পাশাপাশি আবাসন, হোটেল এবং বাণিজ্যিক ক্ষেত্রে বিনিয়োগের নতুন কেন্দ্র হয়ে উঠছে উত্তরপ্রদেশের এই শহর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
২০২৫ সালে অযোধ্যায় প্রায় ৩০ কোটি পর্যটকের সমাগম হয়েছিল বলে দাবি করেছে আবাসন সংক্রান্ত গবেষণা সংস্থা লিয়াসেস ফোরাসের একটি রিপোর্ট। ২০২০ সালে এই সংখ্যা ছিল প্রায় ৬০ লক্ষ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬ কোটি ৪০ লক্ষে।
‘অযোধ্যা ২.০: ফেথ, ট্যুরিজ়ম অ্যান্ড দ্য নেক্সট ইনভেস্টমেন্ট ক্যাপিটাল’ শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের ২২ জানুয়ারি রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর থেকেই শহরের অর্থনীতিতে বড় পরিবর্তন এসেছে। অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের ২০৩১ সালের মাস্টার প্ল্যানে বিমানবন্দর, রেল, সড়ক, সরযূ নদীর তীরবর্তী এলাকা এবং ১,৪০৭ একর জমিতে ‘নিউ অযোধ্যা’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রস্তাবিত বিনিয়োগের অঙ্ক ৮৫ হাজার কোটি টাকা।
রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের পর থেকে হোটেল, খুচরো ব্যবসা এবং নির্মাণ ক্ষেত্রে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের খবর পাওয়া গিয়েছে। শহরে ৫০টিরও বেশি বড় হোটেল প্রকল্পের কাজ চলছে। তালিকায় রয়েছে তাজ, ম্যারিয়ট, ব়্যাডিসন, ওবেরয় এবং লীলার মতো সংস্থা। বর্তমানে সংগঠিত হোটেল ব্যবস্থায় ঘরের সংখ্যা প্রায় ১,২০০।
আবাসন বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তনের দাবি করা হয়েছে। ২০১৯ সালের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় জমির দাম ২৫-৪০ শতাংশ বেড়েছে। রামমন্দির সংলগ্ন এলাকায় সেই বৃদ্ধি পাঁচ থেকে দশ গুণ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০৩১ সালের মধ্যে গুরুত্বপূর্ণ করিডরে জমির দাম প্রতি বর্গফুটে প্রায় ৩৭,৩০০ টাকায় পৌঁছতে পারে বলে পূর্বাভাস মিলেছে।
পর্যটকদের থাকার সময়ও বেড়ে দুই থেকে চার দিন হয়েছে। ২০৩০-৩৫ সালের মধ্যে তা পাঁচ থেকে সাত দিনে পৌঁছতে পারে বলে অনুমান গবেষণা সংস্থাটির।