ভারত সফরের শুরুতেই গান্ধী সমাধিতে শ্রদ্ধা জানালেন বলেন্দ্র

ভারতের দু’দিনের রাষ্ট্রীয় সফরে এসে সোমবার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে নিজের বক্তব্য লেখেন তিনি। সত্যকে সব শক্তির ঊর্ধ্বে এবং মানবিকতাকে সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। সই করা বার্তায় বলেন্দ্র শাহ লেখেন, “এই পবিত্র স্থানে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর জীবন গোটা বিশ্বকে দেখিয়েছে, সত্যের শক্তির সঙ্গে কোনও শক্তির তুলনা হয় না।”

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

গান্ধীর আদর্শের সঙ্গে নেপালের ঐতিহ্যের যোগসূত্র তুলে ধরে তিনি আরও লেখেন, “নেপালের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ভগবান বুদ্ধের জন্মভূমি থেকে আসা একজন মানুষ হিসেবে গান্ধীর আদর্শের মধ্যে আমি সেই একই চিরন্তন আলো দেখতে পাই। সেই আলো আমাদের শেখায়, মানবিকতাই সবচেয়ে বড় শক্তি। আর প্রকৃত নেতৃত্বের অর্থ হল সমাজের সবচেয়ে সাধারণ ও পিছিয়ে থাকা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা।”

ভারত ও নেপালের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। বলেন্দ্র শাহের কথায়, দুই দেশ শুধু ভৌগোলিকভাবে কাছাকাছি নয়, বরং ধর্মবিশ্বাস, আত্মীয়তার বন্ধন, ঐতিহ্য ও দীর্ঘদিনের বন্ধুত্বের সুতোয় বাঁধা। এই সম্পর্ককে আরও মজবুত করতে নেপাল সততা, পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সঙ্গে কাজ করে যাবে বলেও জানান তিনি। বার্তার শেষে তিনি লেখেন, “গান্ধীর আদর্শ আমাদের শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গড়ার পথে চিরকাল পথ দেখাক।”

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোর পর নেপালের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২২ নভেম্বর থেকে দু’দিনের ভারত সফরে এসেছেন বলেন্দ্র শাহ। ২০২৬ সালের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সোমবারই হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধনে দীর্ঘদিন ধরে আবদ্ধ ভারত ও নেপাল। দুই দেশের মধ্যে বাণিজ্য, উন্নয়নমূলক কাজ, বিদ্যুৎ, জলসম্পদ এবং যোগাযোগ ব্যবস্থার মতো ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। পাশাপাশি স্টার্টআপ, প্রযুক্তি, উদ্ভাবন এবং ক্রীড়াক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গে আসা ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের বৈঠকে বাণিজ্য, পরিবহণ, বিনিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, বিপর্যয় মোকাবিলা এবং মানবসম্পদ উন্নয়ন-সহ একাধিক ক্ষেত্রে সমঝোতাপত্র (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। এই সফরে কয়েকটি সম্পূর্ণ হওয়া প্রকল্পের উদ্বোধন এবং নতুন কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সীমান্তবর্তী যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর চেষ্টা করা হবে।

সরকারি বৈঠকের পাশাপাশি এই সফরে ভারত-নেপাল বিজনেস ফোরামেরও আয়োজন করা হবে। নেপালে ভারতীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি করাই এই ফোরামের লক্ষ্য। বলেন্দ্র শাহের সঙ্গে ভারত সফরে এসেছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকর-সহ একাধিক শীর্ষ সরকারি আধিকারিক।