ইন্ডি জোটের বৈঠকে একগুচ্ছ দাবি খাড়গের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার, ভোটার তালিকা সংশোধনে আরও স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের জবাবদিহি— এমনই একগুচ্ছ দাবি তুলে বুধবার সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে তিনি বলেন, ‘‘ব্যালট মানুষের। জনাদেশও মানুষের।’’ একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

খাড়গের বক্তব্য, ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি ‘এক ব্যক্তি, এক ভোট, এক মূল্য’। কিন্তু নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যে প্রশ্ন উঠছে, তাতে সেই নীতিই ‘গুরুতর হুমকি’র মুখে পড়েছে বলে অভিযোগ তাঁর। ইভিএম, ভোটার তালিকায় কারচুপি এবং ভোটার তালিকায় পরিবর্তন নিয়ে বিরোধীদের প্রশ্নেরও যথাযথ উত্তর দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

এসআইআর প্রসঙ্গে খাড়গের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদের উদ্দেশ্য থাকলেও এর ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, ১৩.৩ কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতের নির্বাচনে এসআইআরের আগের ভোটার তালিকা ব্যবহারের দাবি জানান তিনি। পাশাপাশি নাম সংযোজন, বাদ দেওয়া বা সংশোধনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা, আগাম নোটিস, কারণ জানানোর ব্যবস্থা এবং কার্যকর আপিলের সুযোগ রাখার দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও সরব হন খাড়গে। তাঁর দাবি, কমিশনের দুই সদস্য গত ১০ মাসে ১৪ বার আপত্তি জানিয়েছেন। এই ঘটনাকে সামনে রেখে জ্ঞানেশের পদত্যাগ দাবি করেন তিনি। যদিও কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়ে ভিন্ন ব্যাখ্যা রয়েছে।

ইভিএমের পরিবর্তে ব্যালটে ফেরার পক্ষেও সওয়াল করেন খাড়গে। তাঁর কথায়, ‘‘ব্যালট মানুষের, জনাদেশও মানুষের।’’

এ দিন ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি (এসপি), শিবসেনা (ইউবিটি), আরজেডি, বাম দল-সহ মোট ১৯টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশও জানান, সংবিধান রক্ষার প্রশ্নে জোটের দলগুলি ঐক্যবদ্ধ।