রক্তদান শিবিরে নিষেধাজ্ঞা ১১ বেসরকারি ব্লাড ব্যাঙ্কে

ব্লাড ব্যাঙ্কে অনিয়মের অভিযোগে হাই কোর্টে মামলা। রিপোর্ট তলব রাজ্যের

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রক্তের জোগান নিয়ে উদ্বেগের মধ্যেই রাজ্যের ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনের উপর নিষেধাজ্ঞা ঘিরে কলকাতা হাই কোর্টে মামলা। স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও রাজ্যের কাছে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন। আগামী ১৪ অগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৯ অগস্ট।

রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বক্তব্য, সম্প্রতি একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আকস্মিক পরিদর্শন চালানো হয়। সেখানে বেশ কিছু গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের তদন্ত চলাকালীন গত ১ অগস্ট থেকে ১১টি ব্লাড ব্যাঙ্ককে হাসপাতাল বা প্রতিষ্ঠানের বাইরে স্বেচ্ছা রক্তদান শিবির করে রক্ত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে স্বাস্থ্য দফতর স্পষ্ট করেছে, সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলি নিজেদের হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভিতরে সরকারি নিয়ম মেনে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারবে। অর্থাৎ, নিষেধাজ্ঞা মূলত বাইরের রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রেই।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত রক্ত সংগ্রহ, রক্তদান শিবির পরিচালনায় নিয়মভঙ্গ এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই লোহিত রক্তকণিকা ও প্লাজ়মা অন্য রাজ্যে বিক্রির মতো অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সোনারপুর, এন্টালি, যোধপুর পার্ক, আলিপুর রোড, পদ্মপুকুর, বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, পূর্ব বর্ধমান এবং অন্ডালের ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক।

তবে এই সিদ্ধান্তের জেরে রাজ্যে রক্তের জোগানে কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে স্বাস্থ্য মহলের একাংশে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত, থ্যালাসেমিয়া, অস্ত্রোপচার কিংবা জরুরি চিকিৎসায় নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন রোগীদের ক্ষেত্রে সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আদালতের নির্দেশের পর এখন নজর তদন্তের গতিপ্রকৃতির দিকে। অভিযোগগুলির সত্যতা কতটা, তদন্তে কী উঠে আসে এবং একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় রক্তের জোগান যাতে কোনও ভাবেই ব্যাহত না হয়— পরবর্তী শুনানিতে সেই বিষয়গুলিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।