বাংলাদেশের শিল্পাঞ্চলের আকাশে আবারও অশান্তির কালো মেঘ। একদিকে বেতন ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি। অন্যদিকে কর্মপরিবেশ ও বিভিন্ন অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্পাঞ্চল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাস্তায় নামেন পোশাক কারখানার শ্রমিকেরা। কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও কর্মবিরতি, আবার কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যবহার করতে হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকে গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল। শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার প্রায় ৮০টি কারখানায় ঘোষণা করা হয় সাধারণ ছুটি। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে আটটি কারখানা।
প্রথমেই আসা যাক গাজীপুরের পরিস্থিতিতে। মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মন্ডল গার্মেন্টস, ফকিরা গার্মেন্টস, সিলিকন গার্মেন্টস ও এনজিএ গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক একজোট হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। তাঁদের মূল দাবি ছিল বেতন বৃদ্ধি। শ্রমিকদের এই অবরোধের জেরে গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শুধু ভবানীপুরেই নয়, বাঘেরবাজার, শিরিরচালা ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শ্রমিক বিক্ষোভ। বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে থাকেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু শ্রমিকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করতেই উত্তেজনা আরও বাড়ে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সং*ঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। সেখানে শ্রমিকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। পুলিশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
গাজীপুরের অন্যান্য এলাকাতেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়ে। আনসার রোড, ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার ও মাওনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া যায়। একের পর এক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও পরিবহণকর্মীরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই অচলাবস্থার পর বিকেল মঙ্গলবার সাড়ে ৪টার দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বাঘেরবাজার এলাকায় দায়িত্ব পালনরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা জানান, মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ করেছিলেন।
অন্যদিকে গাজীপুরের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল। হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে রাস্তায় অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা রাস্তায় বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিজিবি। শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। চলে ইটপাটকেল নিক্ষেপও। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। ঢাকা-আরিচা মহাসড়কে একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর জেরে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আটকে পড়েন অসংখ্য যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিলে দুপুর ১টার দিকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়ার বিভিন্ন কারখানাতেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়ে। জামগড়া এলাকার দি রোজ কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় এবং নিরাপত্তার স্বার্থে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। একইভাবে খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন ও রেডিয়েন্স জিন্স কারখানার শ্রমিকেরাও কর্মবিরতি শেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। শুধু এই কয়েকটি এলাকা নয়, মাতবরবাড়ি, নরসিংহপুরসহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ে শ্রমিক অসন্তোষ। পরিস্থিতি বিবেচনায় ম্যাক্সটেক্স ও মণ্ডল গ্রুপসহ একাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সূত্র অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় সাভার ও আশুলিয়া এলাকার আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, একদিনের বিক্ষোভ ও অস্থিরতার জেরে উৎপাদন কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়েছে। শ্রমিক অসন্তোষের মধ্যেই আশুলিয়ায় আরও একটি ঘটনা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিশৃঙ্খলা সৃষ্টি এবং ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল জড়ো হয়। তাদের কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলেন। পরে তাঁদের কাছ থেকে ব্যানার, এবং কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সেখান থেকে ১৭ জনকে নিজেদের হেফাজতে নেয়।
আশুলিয়া থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তাঁর আরও দাবি, শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা ছিল ওই ব্যক্তিদের। অন্যদিকে, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের নামে ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে ১৭ জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক বলেও জানান তিনি। তদন্ত ও যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশের গাজিপুর, সাভার ও আশুলিয়ার এই শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান কীভাবে সম্ভব বলে মনে করছেন আপানারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।