মোদীর জন্মদিন পালনের অপরাধে মারধর!

জয়নগরে বিজেপি বুথ সভাপতিকে রাস্তায় মারধর তৃণমূলের।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের জের। প্রকাশ্য রাস্তায় বিজেপির বুথ সভাপতিকে গলায় দড়ি পেঁচিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের নেউতলা গ্রামে। আক্রান্ত বিজেপি নেতার নাম তপন মণ্ডল। তিনি ১৯১ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হয়েছিল এলাকায়। সেখানে এলাকার মহিলাদের নিয়ে গিয়েছিলেন তপন। সেই অপরাধেই তাকে শুক্রবার রাতে রাস্তায় গলায় দড়ি পেঁচিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি তার গোপনাঙ্গেও আঘাত করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য ওরফে বড়ি ও তার সঙ্গীদের বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় তপন মণ্ডলকে রাতেই জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্ত বিজেপি বুথ সভাপতি ও বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল সদস্যের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।