দিল্লিতে সুদীপদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

‘উন্নয়ন’-ই আলোচনার বিষয়? NCPI-বিজেপি সমীকরণ ঘিরে জল্পনা তুঙ্গে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : তৃণমূলের ভাঙন থেকে বেরিয়ে আসা ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-র ২০ সাংসদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনসিপিআই এনডিএ-তে যোগ দেওয়ার পরে এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই দলের সাংসদদের আনুষ্ঠানিক বৈঠক। ফলে স্বাভাবিক ভাবেই নজর রয়েছে এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্যের দিকে।

দিল্লির বঙ্গভবনে প্রস্তাবিত বৈঠকে মূলত দুই বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এনসিপিআইয়ের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাংসদদের নিজেদের লোকসভা কেন্দ্রের উন্নয়ন এবং রাজ্যে সরকার বদলের পরে ‘ঘরছাড়া’ দলীয় কর্মীদের পুনর্বাসনই হবে আলোচনার মূল বিষয়।

সুদীপের কথায়, ‘‘আমাদের প্রত্যেকের লোকসভা কেন্দ্রের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। সরকার পরিবর্তনের পরে আমাদের বহু কর্মী এখনও ঘরছাড়া। আমরা চাই তাঁদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক।’’

বৈঠকটি অবশ্য রাজনৈতিক মহলে আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ, গত কয়েক সপ্তাহ ধরেই এনসিপিআইয়ের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। এনসিপিআইয়ের বিজেপিতে মিশে যাওয়ার সম্ভাবনা নিয়েও বার বার আলোচনা হয়েছে। যদিও সুদীপ স্পষ্ট জানিয়েছেন, ‘‘এখনই এ রকম কিছু নিয়ে আলোচনা হচ্ছে না।’’

এনডিএ-র শরিক হওয়ার পর সংসদীয় স্তরে বিজেপির সঙ্গে এনসিপিআইয়ের দূরত্বও কমেছে। কয়েক দিন আগেই প্রথম বার এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক ‘মঙ্গল মিলন’ বৈঠকে যোগ দেন এনসিপিআই সাংসদরা। ফলে মঙ্গলবারের বৈঠককে সেই সমন্বয় আরও মজবুত করার পদক্ষেপ হিসাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

এ দিকে, তৃণমূল থেকে দলত্যাগ করে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০জন সাংসদের ভবিষ্যৎ নিয়ে এখনও আইনি জটিলতা রয়েছে। তাঁদের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে অযোগ্য ঘোষণার আবেদন জানিয়েছে তৃণমূল। যদিও আবেদনের বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি।

সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে সাংসদ তহবিলের ব্যবহার, কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের সমন্বয় এবং সংসদের বাদল অধিবেশনে উত্থাপনযোগ্য বিষয় নিয়েও আলোচনা হতে পারে। গত সপ্তাহেও এমন একটি বৈঠকের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়।

তৃণমূলের সংসদীয় দলের ভাঙনের সময় গত ৮ জুন শুভেন্দু ওই সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে এনসিপিআই আনুষ্ঠানিক ভাবে এনডিএ-র শরিক হওয়ার পরে এই প্রথম তাঁদের সঙ্গে মুখোমুখি বসছেন তিনি। ফলে মঙ্গলবারের বৈঠক উন্নয়ন-সমন্বয়ের আড়ালে বিজেপি এবং এনসিপিআইয়ের ভবিষ্যৎ রাজনৈতিক বোঝাপড়ার দিকটিও স্পষ্ট করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।