Mamata Banerjee: “কিছু মানুষ বাংলাকে বদনাম করতে চাইছে”

“কিছু মানুষ বাংলাকে বদনাম করতে চাইছে”, বাণিজ্য সম্মেলনে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিগত কয়েকদিন ধরে বিশ্বমঞ্চে বাংলার নামে বিতর্ক হচ্ছে। সল্টলেক স্টেডিয়ামে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি আসার পর থেকেই এই ঘটনার সূত্রপাত। দেশের তো বটেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও নিন্দা হয়েছে বাংলার। এদিকে অবশ্য ঘটনার ঘন্টাখানেকের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে গ্রেফতারি শুরু করে দেয় পুলিশ। এছাড়া এই ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে। যারা ২ পুলিশ আধিকারিক ও এক রাজ্য সরকারের আধিকারিককে শোকজ করেছে। অন্যদিকে পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হলেও বিরোধীরা এখনও সমালোচনা করে যাচ্ছে। এবার এই নিয়ে বানিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু মানুষ বাংলার নাম খারাপ করতে চাইছে। কিন্তু এরা জানে না বাংলা এখন পাল্টে গিয়েছে। বাংলা এখন বিশ্বমানের জায়গা হয়ে উঠেছে। শিল্পপতিরা বাংলাতে বিনিয়োগ করে উন্নয়নের ভাগিদার হয়েছেন।

প্রসঙ্গত, সল্টলেক স্টেডিয়ামের ঘটনা নিয়ে সরসারি এখনও কোনও মন্তব্য না করলেও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নাম না করতে এই ইস্যু নিয়ে জবাব দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঘটনার পর থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দুরত্ব বাড়িয়েছেন তিনি। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার।