নেপালের বন্যায় আটকে ছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, স্ত্রী প্রতিভা, জানালেন ছেলে—‘‘বাবা-মা নিরাপদ’’।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অবশেষে কলকাতায় ফিরে এলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালে শুটিং করতে গিয়ে ভয়াল দুর্যোগে আটকে পড়েন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা এবং তাঁর স্ত্রী প্রতিভা। নেপালের দুর্যোগে ইতিমধ্যে শয়ে শয়ে মানুষ প্রাণ হারিয়েছেন। নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে নেপালের একাধিক শহর। ফলে অনিশ্চিত হয়ে পড়েছিল দেশে ফেরার পথ। শেষ পর্যন্ত বিকল্প পথে গোরক্ষপুর পৌঁছে সেখান থেকে বিমানে কলকাতায় ফিরেছেন খরাজ ও প্রতিভা। শহরে ফিরেই ভিডিও বার্তায় নিজের সুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা।
ভিডিও বার্তায় খরাজ বলেন, “নমস্কার। আমি খরাজ মুখার্জি। আপনারা সবাই বড় চিন্তায় ছিলেন যে আমি পোখরাতে শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম। এটা ঠিক কথাই, সেখানে অনেক রকম সমস্যা হয়েছে। সে সমস্ত সমস্যা পেরিয়ে গোরখপুরে যাই এবং সেখান থেকে আমি আর প্রতিভা ফ্লাইট ধরে এই সবে ফিরলাম।”
বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে উদ্বেগে থাকা অনুরাগী ও সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেন অভিনেতার পুত্র তমোঘ্ন। তিনি জানান, বাবা-মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। দু’জনেই বিপন্মুক্ত রয়েছেন।

তমোঘ্ন বলেন, ‘‘বাবা-মা দু’জনেই শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন। ওঁরা কেমন আছেন, তা জানতে বহু অনুরাগী এবং সংবাদমাধ্যম থেকে ফোন ও মেসেজ পেয়েছি। সবাইকে জানাতে চাই, আমার মা-বাবা নিরাপদে আছেন এবং বিপদের বাইরে।’’
তিনি জানান, খরাজ ও প্রতিভা পোখরায় ছিলেন এবং নেপালে যে এলাকায় মূল বিপর্যয় ঘটেছে, সেটি তাঁদের অবস্থান থেকে বেশ দূরে। কিন্তু বন্যার কারণে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা সম্ভব হয়নি। এমনকি পোখরা থেকে ফেরার বিমানও বাতিল বা পিছিয়ে যায়।
তমোঘ্নর কথায়, ‘‘ওঁদের ২৩ অগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু বন্যার কারণে শুটিংয়ে সমস্যা হয়। ফলে নির্ধারিত সময়ে ফিরতে পারেননি। এখন ওঁরা পোখরা থেকে গোরক্ষপুরের দিকে যাচ্ছেন। সেখান থেকে বিমানে কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে।’’