এক একর জমিতে বোরো ধান চাষ করে যেখানে নিট মুনাফা সীমিত, সেখানে একই জমিতে সঠিক প্রযুক্তি থাকলে ক্যাপসিক্যাম, ব্রোকলি, লেটুস চাষ করে কয়েক গুণ বেশি মুনাফা পাওয়া সম্ভব।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দশকের পর দশক পশ্চিমবঙ্গের কৃষির চিত্র যেন দুই রঙেই আঁকা ছিল। একদিকে ধানের সোনালি আর অন্যদিকে পাটের মাটিরঙা। পশ্চিমবঙ্গের কৃষি মানেই দীর্ঘদিন ধরে ধান ও পাটের সমার্থক এক অর্থনীতি। এই দুই ফসল আমাদের খাদ্যনিরাপত্তা ও সংস্কৃতির মেরুদণ্ডও বটে। সবুজ ধানের ক্ষেতে ভরা নদিয়া, বর্ধমান আর পাটের আঁশে জড়ানো হুগলি, মালদা। বলা যেতে পারে এই ছিল আমাদের কৃষিচিত্র। কিন্তু সময় বদলেছে, জলবায়ু বদলেছে, আর বদলেছে কৃষকের মানসিকতার। আর পশ্চিমবঙ্গের গ্রামের যে পরিবর্তন ঘটছে বা ঘটেছে তা কেবল ফসলের নয়, একটি অর্থনৈতিক মানসিকতার রূপান্তর। কৃষক আজ শুধু উৎপাদক নয়, তিনি উদ্যোক্তা। অন্য দিকে তিনি বাজার সচেতন, বিনিয়োগকারী এবং প্রযুক্তি-ব্যবহারকারী। বলা যেতে পারে, আজ গ্রাম বাংলার মাঠে একটি নীরব বিপ্লব গড়ে উঠেছে। এই পরিবর্তনকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের কৃষি-পুনর্জাগরণ। যা পাল্টে দিতে পারে আগামী দশকে গ্রামীঁ অর্থনীতির চিত্রটি।
পশ্চিমবঙ্গ এখনও দেশের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী রাজ্য। অন্যদিকে একসময়ে রাজ্যের শিল্প ও রপ্তানির ভিত্তি গড়ে তুলেছিল পাট। কিন্তু এখন বাস্তবতার চিত্রটা পাল্টেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই দুই ফসলের লাভজনকতা ক্রমশ চাপের মুখে। পাটের বাজার আন্তর্জাতিক চাহিদার ওঠানামায় অনিশ্চিত। বেড়েছে উৎপাদন খরচও। জমির আয়তন ছোট হয়েছে। ফলে এক একর জমিতে সীমিত লাভের ধানচাষ কৃষকদের আর টিকিয়ে রাখতে পারছে না। এই সংকটই নতুন পথ খোঁজার প্রেরণা হয়ে উঠেছে, তা বলাই যায়। ২০২৫- ২০২৬ অর্থবর্ষে কৃষি-নীতি ও বাজেট-বরাদ্দে একটি স্পষ্ট বার্তা রয়েছে উচ্চমূল্যের ফসল , খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানিমুখী কৃষির দিকে।

পশ্চিমবঙ্গের কৃষকেরা এখন শুধু টমেটো- বেগুন চাষে সীমাবদ্ধ নেই। এখন তাঁরা ক্যাপসিক্যাম, ব্রকলি, লেটুস, ড্রাগন ফল, অ্যাভোকাডো চাষেও নজর দিয়েছে। এক একর জমিতে বোরো ধান চাষ করে যেখানে নিট মুনাফা সীমিত, সেখানে একই জমিতে সঠিক প্রযুক্তি থাকলে ক্যাপসিক্যাম, ব্রোকলি, লেটুস চাষ করে কয়েক গুণ বেশি মুনাফা পাওয়া সম্ভব।
পশ্চিমবঙ্গের ভৌগলিক বৈচিত্র্য। মানে হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের বদ্বীপ। যা হল রাজ্যের বড় সম্পদ। এই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে এখন নতুন করে ফসলের মানচিত্র তৈরি হচ্ছে। কৃষিতে পরিবর্তনটা লক্ষ্য করা যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। পরিবর্তন থেকে বাদ যায়নি জঙ্গলমহল বা শুষ্ক অঞ্চলও। উত্তরবঙ্গের মধ্যে… যেমন দার্জিলিং ও কালিম্পংয়ে আগে চাষের মধ্যে দেখা যেত কমলা, বড় এলাচ, চা-পাতা ইত্যাদি। সেখানে এখন নতুনভাবে চোখে পড়ছে স্ট্রবেরি চাষ। যা আগে সাধারণত দেখা যেত মহারাষ্ট্র বা হিমালয়ের পাদদেশে। এখন উত্তরবঙ্গের কৃষকেরা এই স্ট্রবেরি চাষের দিকে বেশ ঝুঁকতে শুরু করেছেন। সঠিক সংরক্ষণ ও দ্রুত পরিবহন থাকলে এই ফসল বেশি মুনাফা দিতে পারে।
উত্তরবঙ্গ থেকে এবার একটু দক্ষিণবঙ্গে নজর দেওয়া যাক। এখানে এখন এক্সোটিক সবজি চাষের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমানে এখন দেখা যাচ্ছে ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, জুকিনি জাতীয় বেশি মুনাফা প্রদানকারী সবজি চাষে। অন্যদিকে জঙ্গলমহল অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ড্রাগন ফল চাষ বাড়ছে। কম জলেই এই ফলের চাষ ভালোমতোই হয়ে যায়। আবার এর বাজার মূল্য খুবই বেশি। একইভাবে কাজুবাদাম ও আমড়া জাতীয় ফসল এই অঞ্চলে বিকল্প আয়ের পথ খুলে দিয়েছে।
রাজ্যে উৎপাদনের ক্ষেত্রে এখন এফপিও মডেলের উত্থান বেশ চোখে পড়ছে। একটা কৃষকের ক্ষেত্রে বড় বাজারে প্রবেশ কঠিন। সেক্ষেত্রে যদি ২০০-৩০০ জন কৃষক একত্রে বীজ , সার কিনে চাষ করলেস অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। পাইকারি বাজারে ঢোকা সহজ হয়। কোল্ড স্টোরেডে বিনিয়োগ করা সহজ হয়। অন্যদিকে ব্যাঙ্ক ঋণ পাওয়াও অনেক সহজ হয়।
পশ্চিমবঙ্গে ফল ও সবজির বড় সমস্যা হল পোস্ট হারভেস্ট ক্ষতি। মানে ফসল পচে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। তবে যদি ফুড প্রসেসিং কেন্দ্রিক শিল্প গড়ে ওঠে, তাহলে কর্মসংস্থান বাড়বে বহুগুন। টমেটো থেকে পিউরি, আম থেকে পাল্প, লিচু থেকে জুস। এইভাবে প্রসেসিং করে রাখলে ক্ষতির মুখে কম পড়বেন কৃষকেরা। এইসব পণ্য তৈরি করে দ্বিগুণ থেকে তিনগুণ মুনাফা পাওয়া সম্ভব।
ধান, পাট আমাদের শিকড়। কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে বৈচিত্র্য, প্রযুক্তি, ও মূল্য সংযোজনের উপর। পশ্চিমবঙ্গের শিল্প আজ শুধু বেঁচে থাকার সংগ্রাম নয়। এটি একটি বিনিয়োগ-সম্ভাবনাময় খাত। সঠিক নীতি, বাজার-সংযোগ ও জলবায়ু সহিষ্ণু পরিলকল্পনা থাকলে এই কৃষি-পুর্নজাগরণ স্থায়ী সমৃদ্ধির পথ দেখাতে পারে। গ্রামের মাঠে আজ যে পরিবর্তনের বীজ বোনা হয়েছে. আগামী দশকে তা অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে।