ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে প্রবল গন্ডগোল। শওকাত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আজিজুল তরফদারের বিরুদ্ধে দলবল নিয়ে আইএসএফের বুথ সভাপতিকে বেধড়ক মারধর এবং বাড়ি ঘর ভাঙ্গচুর সহ মহিলাদের উপরে আক্রমণ করার অভিযোগ। ঘটনা ঘিরে আবারও উত্তপ্ত ভাঙড়।ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ
বৃহস্পতিবার সকালে ব্যাওতা ১ নাম্বার অঞ্চলের চড়িশ্বরে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, শওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আজিজুল তরফদার দলবল নিয়ে চড়িশ্বরে ২৬ নাম্বার বুধে আইএসএফের বুথ সভাপতি হোসেন শেখের উপরে হামলা চালায়।পাল্টা আইএসএফের বিরুদ্ধেও মারধর করার অভিযোগ উঠেছে।
দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। ঘটনায় কয়েকজন মহিলা আক্রান্ত হন।এর পাশাপাশি বাড়ি ঘর ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পোলেরহাট থানার পুলিশ। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।