“প্রশাসনিক সুবিধার্থে পশ্চিমবঙ্গে নতুন করে পাঁচটি জেলা গঠন করা হবে।”

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : প্রশাসনিক কাজ দ্রুততর করা ও মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষে রাজ্য বাজেটে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় প্রস্তাবিত বাজেট পেশ করার সময় তিনি জানান, প্রশাসনিক সুবিধার্থে পশ্চিমবঙ্গে নতুন করে পাঁচটি জেলা গঠন করা হবে।
প্রস্তাবিত এই নতুন জেলাগুলো হলো সুন্দরবন, কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর ও আরামবাগ। এর পাশাপাশি রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে একাধিক নতুন পুরসভা, মহকুমা এবং ফায়ার স্টেশন তৈরির বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসনিক কাঠামোর এই পরিবর্তনের আওতায় কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নগরোন্নয়নের লক্ষ্যে শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নয়টি নতুন পুরসভা গড়বে সরকার। সেই সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থা শক্তিশালী করতে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, গিতদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। উল্লেখ্য, নির্বাচনী ইশতেহারে করা ছোট ছোট জেলা, মহকুমা ও পুরসভা গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।