নেপালের বন্যায় আটকে ১০০ মহারাষ্ট্রের তীর্থযাত্রী, উদ্ধার করে ট্রেনে বাড়ি পাঠাল বিহার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নেপালে ভয়াবহ হড়পা বানে আটকে পড়েছিলেন মহারাষ্ট্রের প্রায় ১০০ জন তীর্থযাত্রী। তাঁদের উদ্ধার করে নিরাপদে বাড়ি ফেরাল বিহার সরকার। শনিবার পটনা থেকে ট্রেনে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা করানো হয় তাঁদের।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং রাজ্যের মুখ্যসচিব ও বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিবের তত্ত্বাবধানে চলে উদ্ধার অভিযান। মহারাষ্ট্র সরকারের অনুরোধ পাওয়ার পর শুক্রবার, ২৮ অগাস্ট, দ্রুত পদক্ষেপ করে সীতামঢ়ী জেলা প্রশাসন। নেপাল সীমান্ত থেকে তীর্থযাত্রীদের নিরাপদে সীতামঢ়ীতে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়।
এর পর রাত আড়াইটে নাগাদ তীর্থযাত্রীদের সীতামঢ়ী থেকে পটনায় নিয়ে আসা হয়। পটনা জেলা প্রশাসনের তরফে ওপী শাহ কমিউনিটি বিল্ডিংয়ে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। রাতভর সেখানে তাঁদের জন্য খাবার, আশ্রয় এবং চিকিৎসা পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রয়োজনীয় অন্যান্য পরিষেবাও দেওয়া হয়।

তীর্থযাত্রীদের মহারাষ্ট্রে ফেরানোর জন্য রেল মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করে বিহার সরকার। রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয়ের পর পটনা-পূর্ণা এক্সপ্রেসে অতিরিক্ত দু’টি কামরা জুড়ে দেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ওই ট্রেনেই মহারাষ্ট্রের উদ্দেশে রওনা হন উদ্ধার হওয়া তীর্থযাত্রীরা।
নেপালের ভয়াবহ বন্যায় একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। সেই পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে সীতামঢ়ী এবং সেখান থেকে পটনা পর্যন্ত তীর্থযাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য বিহার প্রশাসনের একাধিক দফতর সমন্বয় করে কাজ করে।
নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়ায় বিহার সরকার এবং সীতামঢ়ী ও পটনা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তীর্থযাত্রীরা। তাঁদের কথায়, বিপদের সময়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সহযোগিতা তাঁদের আতঙ্ক অনেকটাই কমিয়েছে।