চিংড়িঘাটা উড়ালপুলে বাইক স্কিড! কী বললেন অগ্নিমিত্রা পল?

দুর্গাপুজোর আগে কলকাতার গড়িয়াহাট ও চিংড়িঘাটা উড়ালপুলের রাস্তায় রং করার কাজ করেছে রাজ্য নগরোন্নয়ন দফতর। কিন্তু রাস্তার উপর এই রংয়ের প্রলেপ কতটা নিরাপদ, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বৃষ্টির সময় এই রাস্তায় যানবাহন চলাচল কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বুধবার দুপুরে বৃষ্টির পর সেই বিতর্ক আরও জোরালো হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চিংড়িঘাটা উড়ালপুলের উপর বৃষ্টির মধ্যে একাধিক মোটরসাইকেল আরোহীকে পিছলে পড়তে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি সামনে আসতেই রাস্তার নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন সমাজমাধ্যমের একাংশের ব্যবহারকারী। তাঁদের অভিযোগ, বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তার উপর রংয়ের প্রলেপ পড়ায় রাস্তা পিচ্ছিল হয়ে উঠছে। এর ফলে বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা বাড়ছে। উৎসবের মরশুমে শহরের রাস্তায় যান চলাচল বাড়ে। সেই সময় উড়ালপুলের মতো গুরুত্বপূর্ণ পথে রাস্তার পৃষ্ঠ কতটা নিরাপদ, তা নিশ্চিত করা জরুরি বলেই মনে করছেন অনেকে। তবে রং করার কাজের সঙ্গে দুর্ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না, তা নিশ্চিত করতে উপযুক্ত তদন্ত ও প্রযুক্তিগত মূল্যায়ন প্রয়োজন।

এক বাইক আরোহী বলেন, “এমনি সময় কিছু হচ্ছে না। তবে বৃষ্টি হলেই তো স্কিট করছে। আস্তে আস্তে চালাতে হচ্ছে। দেখতেই ভালো লাগছ।” আর এক বাইক আরোহী বলেন, “যখন নতুন হয়েছে ভালো লাগছে। এখন তো রং চটে গেছে। শুনলাম তো দুর্ঘটনা ঘটছে। পড়ে যাওয়ার খবর দেখে মনে ভয় চলে এসেছে। ২০-৩০ এ বাইক চালাচ্ছি।” আরও এক বাইক আরোহীর বক্তব্য, “এটা তো তেল রং। বৃষ্টি হলে স্কিট করবেই। কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। হাত পা ভাঙতে পারে।”

এই বিষয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন,”আমিও ভিডিওটি দেখতে পেয়েছি। চিংড়িঘাটা ব্রিজে একটি মোটরসাইকেল স্কিড করে এবং সেটি গিয়ে অন্য একটি বাইকে ধাক্কা মারে, যার ফলে সেটিও পড়ে যায়। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটল, তা এখনও আমরা নিশ্চিত নই। আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে এবং বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে।”