বিসলেরির জলে ক্ষতিকর উপাদান?

বিসলেরির প্যাকেটজাত পানীয় জল নিয়ে নতুন করে বিতর্ক। একটি নমুনায় ক্ষতিকর উপাদান মেলার অভিযোগে সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। তবে বিসলেরি ইন্টারন্যাশনালের দাবি, তারা এ বিষয়ে এখনও কোনও নোটিসই পায়নি। সংস্থার আরও দাবি, তাদের প্যাকেটজাত পানীয় জল খাওয়ার জন্য নিরাপদ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এফএসএসএআই রবিবার জানিয়েছিল, বিসলেরির একটি নমুনাকে ‘অনিরাপদ’ ঘোষণা করার পর সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে বিসলেরি-সহ বিভিন্ন প্যাকেটজাত পানীয় জলের ব্র্যান্ডের আরও নমুনা পরীক্ষা করা হবে বলে সরকারি সূত্রে খবর।

বিসলেরির বক্তব্য, ঘটনাটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গোয়ার কারখানায় উৎপাদিত একটি ব্যাচকে ঘিরে। ওই কারখানা থেকে ৩০ সেপ্টেম্বর ছ’টি নমুনা সংগ্রহ করেছিল এফএসএসএআই। সংস্থার দাবি, পরীক্ষায় পাঁচটি নমুনায় কোনও সমস্যা পাওয়া যায়নি। ষষ্ঠ নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়, যেখানে নির্ধারিত সীমা ১০ মাইক্রোগ্রাম।

এর পর ২২ নভেম্বর ২০২৫-এ আপিল করে বিসলেরি। নমুনাটি ফের পরীক্ষার জন্য পাঠানো হয় রেফারেল ল্যাবরেটরিতে। সংস্থার দাবি, সেখানে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই ছিল। তবে পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচ-এর উপস্থিতি ধরা পড়ে। সেই কারণেই নমুনাটিকে ‘অনিরাপদ’ বলে ঘোষণা করে এফএসএসএআই।

এর পর বিসলেরি এফএসএসএআই অনুমোদিত একটি স্বাধীন পরীক্ষাগারে নমুনাটি পরীক্ষা করায়। সংস্থার দাবি, সেখানেও ব্রোমেট নির্ধারিত সীমার মধ্যে ছিল। সেই রিপোর্ট ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি এফএসএসএআইয়ের পশ্চিমাঞ্চলীয় দফতরে জমা দেওয়া হয়।

বিসলেরির দাবি, তার পর আর কোনও যোগাযোগ করেনি এফএসএসএআই। ফলে তারা বিষয়টি মিটে গিয়েছে বলেই ধরে নিয়েছিল। সংস্থার বক্তব্য, ই-মেল বা ডাকযোগে কোনও নোটিস পায়নি তারা। এমনকি এফএসএসএআইয়ের ওয়েবসাইটেও সংশ্লিষ্ট নোটিস খুঁজে পাওয়া যায়নি।

সংস্থার দাবি, পানীয় জলের গুণমান নিশ্চিত করতে উৎপাদন প্রক্রিয়ায় ১০ ধাপে ৯০টিরও বেশি পরীক্ষা করা হয়। বিষয়টি নিয়ে এফএসএসএআইয়ের সঙ্গে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছে বিসলেরি।