বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য্য ব্যানার্জিকে ফেসবুক মেসেঞ্জারে কল করে গালিগালাজ, খুনের হুমকির অভিযোগ।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : বসিরহাট দক্ষিণে নির্বাচনী আবহের মধ্যেই বিজেপি প্রার্থী শৌর্য্য ব্যানার্জিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ তিনি বসিরহাটের ঘোজাডাঙ্গা এলাকায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একটি কল আসে। সেই কলেই দীপ্তেশ দে নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। শুধু তাই নয়, তার পরিবারকেও ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলে দাবি প্রার্থীর। ঘটনার পরই বিষয়টি নিয়ে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শৌর্য্য ব্যানার্জি। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া, পাশাপাশি এলাকাজুড়ে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল বলেন, “এই ধরনের ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।” গণতান্ত্রিক ব্যবস্থায় কোনও প্রার্থীকে হুমকি দেওয়া সম্পূর্ণ অন্যায় বলেও মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের উচিত নিজেদের ভুল স্বীকার করা এবং এই ধরনের আচরণ থেকে বিরত থাকা।
পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর বাড়তে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ধরনের অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।