কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামল বিজেপি।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা
সোমবার হাওড়ার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্যোগে মল্লিকার্জুন খাড়গের কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। হাওড়া ময়দানেও জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মল্লিকার্জুন খাড়গে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং তাঁর পরিবারকে টেনে মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এই মন্তব্যের জন্য অবিলম্বে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান বিজেপি কর্মী-সমর্থকেরা।
তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে ক্ষমা না চাইলে আগামী দিনে বাংলাজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। এদিন বিক্ষোভ, স্লোগান এবং কুশপুতুল দাহের মাধ্যমে খাড়গের মন্তব্যের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা।