ছটপুজোকে ‘নাটক’! রাহুলকে নিশানা বিজেপির!

ছটপুজোর আবহে ফের রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি। বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্তে যখন ছটপুজো ঘিরে উৎসবের আবহ, তখনই কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতার পুরনো একটি ভিডিও সামনে এনে তাঁকে আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। তাঁর অভিযোগ, রাহুল এক বছর আগে ছটপুজোকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছিলেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সমাজমাধ্যমে ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে প্রদীপ লেখেন, “গোটা দেশ যখন ছটি মাইয়ার কাছে মাথা নোয়াচ্ছে, তখন রাহুল গান্ধী ছটপুজোকে নাটক বলছেন।” তাঁর দাবি, হিন্দুদের উৎসব নিয়ে রাহুলের সমস্যা রয়েছে। ছটপুজো ও দীপাবলি নিয়ে তাঁর অবস্থানের জন্য কংগ্রেস নেতাকে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি।

ভিডিওতে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, “একটা ভারত মোদীজির ভারত। প্রধানমন্ত্রী ছটপুজোর নাটক করতে চাইলে জল চলে আসবে, ভিডিও ক্যামেরা চলে আসবে…” এখানেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, ভিডিওটি সম্পূর্ণ নয় এবং সম্পাদিত বলেই দাবি উঠেছে। পুরো বক্তব্যের প্রেক্ষাপট সামনে এলে বিজেপির অভিযোগের সঙ্গে ছবিটা অনেকটাই বদলে যেত বলেও মত অনেকের।

ভিডিওটি আসলে ২০২৫ সালের। সেই সময় যমুনার দূষণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। ছটপুজোর সময় দূষিত যমুনায় পুণ্যার্থীদের সমস্যার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যমুনায় গিয়ে ছটপুজোর ডালা সাজিয়ে স্নান করেছিলেন। সেই ছবি ও ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে প্রকাশও করেছিলেন প্রধানমন্ত্রী।

পরে ওই ঘটনাকেই ‘নাটক’ বলে কটাক্ষ করেছিলেন বিরোধীরা। বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুলও মোদীর সেই যমুনায় স্নানের প্রসঙ্গ তুলে আক্রমণ করেন। অর্থাৎ, রাহুলের বক্তব্যের নিশানা ছিল প্রধানমন্ত্রীর যমুনায় নেমে ছটপুজোর ডালা নিয়ে স্নান করার ঘটনাটি—ছটপুজো বা হিন্দু ধর্মীয় উৎসবকে নিশানা করতে চাননি তিনি।

তবে সেই বক্তব্যেরই একটি অংশ কেটে সামনে এনে বিজেপি নতুন করে রাহুলকে আক্রমণ করায় রাজনৈতিক তরজা তুঙ্গে। ছটপুজোর আবহে পুরনো ভিডিও ঘিরে ফের মুখোমুখি বিজেপি-কংগ্রেস।