রত্নার মন্তব্যে অস্বস্তিতে বিজেপি, পালটা কী বললেন অর্জুন-দিলীপ?

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিধায়ক রত্না দেবনাথের মন্তব্য ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। দলের অন্দরেই তাঁর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী অর্জুন সিং এবং বিজেপি নেতা দিলীপ ঘোষও।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, বাড়ি ফেরার পথে বিজেপির ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহা দেখেন, বাজার এলাকায় এক ব্যবসায়ীকে ঘিরে অশান্তি চলছে। প্রথমে নিজেই বিবাদ থামানোর চেষ্টা করেন তিনি। পরে বাড়ি ফিরে স্বামী অরূপ সাহাকে বিষয়টি জানান। খবর পেয়েই বিবাদ মেটাতে ঘটনাস্থলে যান অরূপ।

অভিযোগ, সেখানে উপস্থিত লোকজনকে এলাকা ছেড়ে চলে যেতে বললেও তাঁরা আরও লোকজন জড়ো করে ফের উত্তেজনা ছড়ান। সেই সময় অরূপ সাহাকে বুকে জোরে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। মাটিতে পড়ে যান তিনি। বাড়ি ফেরার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন অরূপ। শুরু হয় বমিও। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই মৃত্যুর ঘটনাকে সরাসরি ‘খুন’ বলে দাবি করা হয়েছে। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, এই পরিবারের এমন পরিণতির জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে তাঁর। এমনকী, বিজেপি নির্বাচনে না জিতলেই হয়তো ভালো হত বলেও আক্ষেপ করেন তিনি। বিধায়কের কথায়, “এই তো এদের বাবা চলে গেল। আমার মেয়েটাও চলে গেল।”

পাশাপাশি, দলের অন্দরেও ক্ষোভ উগরে দেন রত্না। তাঁর অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর তৃণমূল থেকে বিজেপিতে আসা অনেকেই এখন দলে বাড়তি গুরুত্ব ও সুযোগ-সুবিধা পাচ্ছেন। অথচ পুরনো কর্মীরা যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। পানিহাটির বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অন্য এলাকার বিষয়ে মন্তব্য করতে না পারলেও তাঁর এলাকায় এমন ছবিই দেখা যাচ্ছে।

রত্না দেবনাথের এই মন্তব্যে যে বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে, তা স্পষ্ট। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বিধায়কের বক্তব্যকে আবেগপ্রসূত ও অপরিণত বলে কটাক্ষ করেন। তাঁর মতে, এই ধরনের মন্তব্য প্রকাশ্যে না করে প্রশাসনের উপর আস্থা রাখা উচিত। কেউ খুনের সঙ্গে জড়িত থাকলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তারিও হয়েছে বলে জানান তিনি।

প্রায় একই সুর শোনা গিয়েছে দিলীপ ঘোষের গলাতেও। তাঁর বক্তব্য, দলের মধ্যে কোনও সমস্যা থাকলে তা সংবাদমাধ্যমের সামনে না তুলে দলের নেতৃত্বকে জানানো উচিত। দলীয় স্তরেই সমস্যার কারণ খুঁজে বের করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করলে সমস্যা আরও বাড়তে পারে বলেও মনে করেন তিনি। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে অভয়ার মায়ের তরফে নতুন করে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।