‘জ্ঞানেশকে বাঁচাবে বিজেপি’, তোপ তৃণমূলের

ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR-কে কেন্দ্র করে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর অভিমুখে বিরোধী INDIA জোটের মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রাজধানীর রাজপথ। কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং SIR প্রক্রিয়া বাতিলের দাবি জানাল তৃণমূল-সহ বিরোধী দলগুলি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মিছিল চলাকালীন তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘আমরা জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি জানাচ্ছি। SIR প্রক্রিয়া বাতিল করতে হবে।’’ তাঁর অভিযোগ, ভোটার তালিকা নিয়ে যে ভাবে কাজ হয়েছে, তাতে নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি কমিশনকে সমর্থন করবে বলেও কটাক্ষ করেন তিনি। সৌগতর কথায়, ‘‘বিজেপি কী বলছে, তাতে কিছু যায় আসে না। তারা শাসক দল। স্বাভাবিক ভাবেই জ্ঞানেশ কুমারকে বাঁচানোর চেষ্টা করবে।’’

একই সুরে সরব কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন। তাঁর দাবি, CEC-কে পদত্যাগ করতে হবে এবং SIR পুরোপুরি প্রত্যাহার করতে হবে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের নাম ফের অন্তর্ভুক্ত করার পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

মঙ্গলবারের মিছিল ঘিরে দিল্লিতে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ INDIA জোটের একাধিক সাংসদ নীতি আয়োগের কাছে লোহার ব্যারিকেডের উপর উঠে পড়েন। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। পুলিশ মিছিলকারীদের আটকে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। সমাজবাদী পার্টির সাংসদ জিয়া-উর-রহমান বার্ক-সহ অন্য সাংসদদেরও ব্যারিকেডের উপর দেখা যায়। পরে নীতি আয়োগের কাছে বসে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। মিছিলে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী, সুপ্রিয়া সুলে-সহ একাধিক নেতা।

CEC-কে কটাক্ষ করে সমাজমাধ্যমে রাহুলের বার্তা, ‘‘জ্ঞানেশ, অনেক হয়েছে ভাই। এ বার ইস্তফা দেওয়ার সময়।’’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, সরকার মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। SIR এবং ভোটার তালিকার ‘অসঙ্গতি’র অভিযোগ ঘিরে বিরোধীদের ‘Save Democracy’ কর্মসূচির অংশ হিসাবেই এই মিছিল। ফলে ভোটার তালিকা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও বিরোধীদের সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।