“প্রথম দফার ভোটে ১১০টি আসন বিজেপির”

প্রথম দফার ভোটগ্রহণের পর বড়সড় সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মাম্পি রায়, সাংবাদিক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের পরই বড়সড় সাফল্য মিলেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, দলের অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী প্রথম দফায় ভোট হওয়া ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টির বেশি আসনে জয়ী হতে চলেছে। তাঁর দাবি, দ্বিতীয় দফার ভোটের পরেই স্পষ্ট হয়ে যাবে যে বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি।

অমিত শাহ বলেন, “ভোটাররা যে বিপুল হারে ভোটদান করেছেন, তা গণতন্ত্রে বিশ্বাসী সকলকেই বেশ উৎসাহ জোগাচ্ছে। বাংলার মানুষ ভয় থেকে ভরসার পথে যাত্রা শুরু করেছেন। ভোটদানের এই ব্যাপক হারই প্রমাণ করছে যে মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষের পথে।”

প্রথম দফার ভোটে রেকর্ড ভোটদানের প্রসঙ্গ তুলে শাহ বলেন, “৯২ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন, যা স্পষ্ট বার্তা দিচ্ছে। মানুষ পরিবর্তন চাইছেন।” একই সঙ্গে তিনি দ্বিতীয় দফার ভোটারদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, এই পরিবর্তনের ধারা বজায় রাখার দায়িত্ব তাঁদেরই।

ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করেন শাহ। তাঁর কথায়, “অনেকদিন পর এমন একটি নির্বাচন দেখলাম, যেখানে একটি প্রাণহানির ঘটনাও ঘটেনি। এর জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে, এই দফায় প্রায় ৯১.৮৩ শতাংশ ভোট পড়েছে, যা সাম্প্রতিক কালের অন্যতম সর্বোচ্চ। কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। মোট দুই দফার ভোটের গণনা হবে ৪ মে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রথম দফার ভোটের উচ্চ হার এবং শান্তিপূর্ণ পরিবেশ আগামী পর্যায়গুলির জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে অমিত শাহের দাবি কতটা বাস্তবের সঙ্গে মেলে, তার উত্তর মিলবে ফল ঘোষণার দিনেই।