পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ! ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা?

পাকিস্তানের মাটিতে ফের রক্তের বন্যা। একদিকে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাকিস্তান সেনার চারজন সদস্য। মৃতদের মধ্যে রয়েছেন একজন মেজরও। অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, পাল্টা অভিযানে খতম করা হয়েছে অন্তত ২৪ জন সন্ত্রাসীকে। কিন্তু এই সংঘর্ষের পরেও নিজেদের ব্যর্থতার দায় কি এবার ভারতের ঘাড়ে চাপাতে চাইছে ইসলামাবাদ?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, হামলাকারীদের পিছনে রয়েছে ভারতের মদত। অস্ত্র থেকে টাকা, এমনকী অত্যাধুনিক ড্রোনও নাকি সরবরাহ করছে ভারত। কিন্তু প্রশ্ন হল, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের এই বাড়বাড়ন্তের জন্য ভারত দায়ী, নাকি নিজেদের মদতে বছরের পর বছর যে জঙ্গিবাদের বিষবৃক্ষ পাকিস্তান বড় করেছে, আজ সেই গাছের ফলই ভোগ করতে হচ্ছে ইসলামাবাদকে? যে দেশ বছরের পর বছর সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগের মুখে পড়েছে, সেই পাকিস্তানই আজ নিজের ভূখণ্ডে এই হামলার সামনে অসহায়। তাহলে কি সন্ত্রাসের আগুন জ্বালাতে গিয়ে এবার সেই আগুনেই পুড়ছে পাকিস্তান?

পাকিস্তানের দুই প্রান্তে একসঙ্গে বন্দুকের গর্জন। একদিকে বালুচিস্তান, অন্যদিকে খাইবার পাখতুনখোয়া। আর দুই জায়গাতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে হামলাকারীদের ভয়াবহ সংঘর্ষ। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR-এর বিবৃতি অনুযায়ী, ১৩ নভেম্বর থেকে একাধিক জায়গায় শুরু হয়েছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান। বালুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে চলছিল তল্লাশি ও টহলদারি। শুক্র এবং শনিবার মধ্যবর্তী রাতে কোলপুরে অভিযানে আট হামলাকারীকে নিকেশ করার দাবি করে পাকিস্তানের সেনাবাহিনী। নিহতদের মধ্যে ছিল এক আত্মঘাতী হামলাকারীও।

কিন্তু এখানেই শেষ নয়। পরের দিনই পাকিস্তানের সেনার টহলদারি গাড়িতে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালায় হামলাকারীরা। সেই হামলায় প্রাণ হারান পাকিস্তান সেনার মেজর ওমর মিনহাস নাসির এবং হাবিলদার মহম্মদ আদনান খান। অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মির আলি, দত্তা খেল ও আলি খেল এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেখানে আরও ১৬ জন হামলাকারীকে খতম করার দাবি করেছে ISPR। সেই সংঘর্ষে নিহত হন হাবিলদার আসমত আলি এবং নায়েক আফতাব আলি। অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর হিসেব অনুযায়ী, মোট চারজন সেনা সদস্যের মৃত্যু এবং ২৪ জন হামলাকারীর মৃত্যু হয়েছে।

কিন্তু এই সংঘর্ষের খবর সামনে আসতেই পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে উঠে এসেছে ভারতের নাম। ISPR-এর অভিযোগ, বালুচিস্তানে সক্রিয় ফিতনা-আল-হিন্দুস্তান নামের সংগঠনকে মদত দিচ্ছে ভারত। শুধু তাই নয়, আর্থিক সাহায্যের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি, এমনকী ড্রোনও সরবরাহ করা হচ্ছে বলে দাবি পাকিস্তানের সেনাবাহিনীর। কিন্তু প্রশ্ন হল, পাকিস্তানের এই অভিযোগের ভিত্তি কোথায়? ভারতের বিরুদ্ধে অভিযোগ করলেই কি সেই অভিযোগ সত্যি হয়ে যায়? ২০২৬ সালের ৮ জুন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এই ফিতনা-আল-হিন্দুস্তান বয়ানকে সরাসরি আক্রমণ করেছিল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতানেনি হরিশ বলেছিলেন, পাকিস্তানের এই নামকরণ আসলে ধর্মীয় পরিভাষার আড়ালে রাষ্ট্রপোষিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

এরপর ২৩ জুলাই ASEAN আঞ্চলিক ফোরামে পাকিস্তানের অভিযোগের জবাবেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে নজর ঘোরাতে মিথ্যা প্রচার চালাচ্ছে। বরং পাকিস্তানের উচিত নিজের দেশের সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে ফেলা। অর্থাৎ ভারতের বক্তব্য, নিজেদের দেশের ভিতরে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রতিবেশী দেশের বিরুদ্ধে অভিযোগ তোলা পাকিস্তানের পুরনো কৌশল।

এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। পাকিস্তানে সন্ত্রাসবাদ কি সত্যিই শেষ হয়েছে? নাকি একের পর এক অভিযান চালিয়েও জঙ্গিদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে সে দেশের প্রশাসন?পরিসংখ্যান কিন্তু ইসলামাবাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর। পাকিস্তানেরই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ ছবি। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে ২২৫টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। অগাস্টে এই সংখ্যাটা ছিল ১৯৯। অর্থাৎ এক মাসে হামলার সংখ্যা বেড়েছিল ১৩.১ শতাংশ।
অন্যদিকে, বালুচিস্তানে রয়েছে বালুচ লিবারেশন আর্মি বা BLA-র মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সক্রিয়তা। তাদের সঙ্গে পাকিস্তান সরকারের সংঘাতও দীর্ঘদিনের।

পাকিস্তানের সামনে এখন একসঙ্গে একাধিক নিরাপত্তা সংকট। একদিকে TTP-র হামলা, অন্যদিকে বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। তার উপর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী কি শুধু অভিযান চালিয়েই এই সমস্যার সমাধান করতে পারবে?

আর একটা বিষয় ভুলে গেলে চলবে না। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ, আফগানিস্তান এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে সে দেশের কিছু ক্ষমতাকেন্দ্র। ভারতের বিরুদ্ধে সীমান্তপারের সন্ত্রাসে মদতের অভিযোগ নতুন নয়। পাকিস্তানের মাটি থেকে সক্রিয় বিভিন্ন সংগঠন নিয়ে ভারত বারবার আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে। চারজন সেনাকর্মীর মৃত্যু নিঃসন্দেহে পাকিস্তানের জন্য বড় ধাক্কা। ২৪ জন সন্ত্রাসী খতমের দাবি করলেও এই সংঘর্ষ একটা কঠিন বাস্তব সামনে এনে দিয়েছে। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ এখনও সক্রিয়। শুধু সীমান্তবর্তী এলাকায় নয়, পাকিস্তানের নিরাপত্তাবাহিনীকেও সরাসরি নিশানা করতে পারছে।