ট্যাক্সির ভিতর পা বাঁধা দেহ! এন্টালিতে রহস্যমৃত্যু

এন্টালিতে ট‍্যাক্সির মধ্যে পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার, খুনের অভিযোগে মামলা রুজু, ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দারা এন্টালিতে খুন। বুধবার সকালে একটি ট‍্যাক্সির ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পা বাঁধা অবস্থায় ছিল। দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম ভগবানপ্রসাদ গুপ্ত। বয়স ৫৫ বছরের মধ্যে। তিনি ওই ট‍্যাক্সির মালিক ছিলেন। ওই ট‍্যাক্সিটি চালিয়ে উপার্জন করতেন। এ দিন সকালে এন্টালি থানা এলাকার ২৫ ডিসি দে রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট‍্যাক্সিতে স্থানীয়েরা ভগবানপ্রসাদকে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁকে ডাকাডাকি করা হলেও গাড়ির দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ট্যাক্সির পিছনের সিটের ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। গাড়িটি বাইরে থেকে লক করা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এর পরে স্থানীয় এক গাড়ির মেকানিক ডেকে লক ভাঙা হয়। প্রথমিক ভাবে পরীক্ষা করে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি মারা গিয়েছে। তাঁর পা দড়ি দিয়ে বাঁধা রয়েছে। গোটা ঘটনার ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলে লালবাজার জানিয়েছে। ঘটনার লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড এবং সায়েন্টিফিক উইং-এর আধিকারিকেরা পৌঁছেছেন। তাঁরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখেছেন।

পুলিশের অনুমান, ভগবানপ্রসাদ গুপ্তকে খুন করা হয়েছে। তবে গাড়িতে ঘটনা ঘটেছে নাকি অন্য‍ কোথাও খুন করে দেহ গাড়িতে রেখে দেওয়া হয়েছে তা জানতে ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না তা তদন্ত করছে পুলিশ।ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন‍্য নীলরতন সরকার মেডিকেলের পাঠানো হয়েছে।