২০২৬ এর বিধানসভা নির্বাচনে এরাজ্যে বুথের যে সংখ্যা যে বাড়তে চলেছে, তারমধ্যে অধিকাংশ বুথ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো অভিযোগ নেই। তবে কিছু বুথ নিয়ে অভিযোগ রয়েছে। কমিশনের মতে এই সংখ্যা খুবই নগণ্য। যদিও বুথের বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনোরকম ওজর আপত্তি বা মতামত থাকলে সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে দলগুলোকে জানিয়ে দিয়েছে কমিশন।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- পশ্চিমবঙ্গের শেষ নির্বাচনে (২০২৪ এর লোকসভা) এরাজ্যে মোট বুথের সংখ্যা ছিলো ৮০,৬৮১ টি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্বাচনে (২০২৬ এর বিধানসভা নির্বাচন) এই সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে। এই বিষয় নিয়ে এরাজ্যের বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুক্রবার বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই বৈঠকেই ঠিক হয়েছে এই বুথ বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলোর যদি কোনো প্রস্তাব বা আপত্তি থাকে তাহলে তা আগামি ৮ সেপ্টেম্বর বিকাল পাঁচটার আগে সিইও (Chief Electoral Officer) অফিসে জমা করতে হবে। এরপর জমা পড়া প্রস্তাব বা অভিযোগ নিয়ে সরাসরি ডিইও (District Electoral Officer) বা পদমর্যাদায় জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন সিইও। সেই সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের প্রস্তাব বা অভিযোগ, যা উক্ত রাজনৈতিক দল সিইও অফিসে জমা দেবে, সেগুলো অন্য রাজনৈতিক দলের কাছেও পাঠানো হবে। তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বর্ধিত বুথের যে হিসাব করা হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যে বুথের সংখ্যা বাড়তে চলেছে প্রায় ১৩,৮১৬ টি। সিইও দফতর সূত্রে খবর, রাজনৈতিক দলগুলোর ওজর আপত্তি যাই থাকুক না কেন, এই প্রায় চোদ্দ হাজার বুথের মধ্যে সর্বাধিক হয়তো হাজার বারো শো বুথ নিয়ে নিজেদের আপত্তি জানাতে পারে রাজনৈতিক দলগুলো। সিইও দফতরের বক্তব্য প্রায় এক মাসের বেশি সময় ধরে এই বুথ বিন্যাসের কাজ চললেও এখনও পর্যন্ত অফিসিয়ালি সিইও দফতরে ই-মেইল করে অভিযোগ জানিয়েছে মাত্র দুটি রাজনৈতিক দল। বিজেপি (৭/৮ টি বুথের বিষয়ে) এবং ফরোয়ার্ড ব্লক (১ টি বুথ নিয়ে)। তবে শুক্রবারের বৈঠকে উপস্থিত হয়ে যেহেতু রাজনৈতিক দলগুলো নিজেদের ওজর আপত্তির কথা জানিয়েছে, তাই সিইও দফতর তাদের (রাজনৈতিক দলগুলোকে) প্রস্তাব বা আপত্তি জানানোর জন্য ৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়ার কথা জানিয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কত বুথ বাড়ছে। সিইও দফতর সূত্রে খবর, প্রস্তাবিত বুথের বিন্যাস অনুযায়ী সবচেয়ে বেশি বুথ বাড়তে চলেছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এই জেলায় মোট প্রায় ১,৫৫১ টি বুথ বাড়তে চলেছে। যার ফলে দক্ষিণ ২৪ পরগণায় মোট বুথ হতে চলেছে ১০,৪১০ টি, যা রাজ্যের মধ্যে জেলার নিরিখে সর্বাধিক। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় ১,৩৯৬ টি বুথ বেড়ে মোট বুথের সংখ্যা হতে পারে ১০,০৫৪ টি। এছাড়া মুর্শিদাবাদে ১২৫১, মালদহে ৯১৫, পূর্ব মেদিনীপুরে ৮৯৮, নদীয়ায় ৭৬৩, উত্তর দিনাজপুর ৭৩৭ টির মতো বুথ বাড়তে পারে। সবচেয়ে কম কলকাতা উত্তরে মাত্র ৬ টি নতুন বুথ বাড়তে পারে বলেই কমিশন সূত্রে খবর। তবে বলে রাখা ভালো এই বুথ বিন্যাস এখনও প্রস্তাবের স্তরে রয়েছে। আট তারিখ (সেপ্টেম্বর মাসের) রাজনৈতিক দলগুলোর প্রস্তাব আসার পর সেগুলো বিচার বিবেচনা করার পরই নতুন বুথের বিন্যাস সরকারি ভাবে জানানো হবে। তবে সিইও দফতর সূত্রে খবর, সেপ্টেম্বরের আট তারিখের পর কোনো রাজনৈতিক দলের কোনো রকম ওজর আপত্তি আর চলবে না, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে এই আট তারিখের মধ্যেই বুথ নিয়ে নিজেদের অভিমত জানাতে হবে।