সুপ্রিমকোর্টের ৫৩তম প্রধান বিচারপতি সূর্য কান্ত

২৪ নভেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত। উত্তরসূরির নাম সুপারিশ প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। আগামী ২৩ নভেম্বর, বর্তমান প্রধান বিচারপতি বি. আর. গাভাই অবসর নেবেন । এরপরের দিন অর্থাৎ ২৪ নভেম্বর দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আসনে বসবেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, আইন মন্ত্রকের অনুরোধে উত্তরসূরির নাম সুপারিশ করেছেন প্রধান বিচারপতি গাভাই।

ইতিমধ্যেই বিচারপতি সূর্য কান্তের নাম কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রের তরফে অনুমোদন মিললেই দেশের পরবর্তী প্রধান বিচারপতির আসনে দায়িত্ব নেবেন সূর্য কান্ত।

হরিয়ানার হিসার জেলার বাসিন্দা বিচারপতি সূর্য কান্ত এই প্রথম হরিয়ানার কোনও বিচারপতি হিসেবে দেশের প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন। ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম নেওয়া সূর্য কান্ত ১৯৮১ সালে হিসারের সরকারি স্নাতকোত্তর কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৮৪ সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি হিসার জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।পরের বছর থেকেই তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। মাত্র ৩৮ বছর বয়সে হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পান তিনি। ২০০৪ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হন। এরপর ২০১৮ সালের ৫ অক্টোবর তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক বছর পর, ২০১৯ সালের ২৪ মে, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন সূর্য কান্ত।গত কয়েক বছরে একাধিক সাংবিধানিক মামলায় সূর্য কান্তের রায় দেশজুড়ে আলোচিত হয়েছে। বিশেষ করে লোকসভা ও বিধানসভায় পাস হওয়া বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদানের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের নির্দেশ সংক্রান্ত রায়টি ব্যাপক বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। সেই রায়ের পর রাষ্ট্রপতির দপ্তর সুপ্রিম কোর্টের কাছে সংবিধান ব্যাখ্যা নিয়ে একাধিক প্রশ্ন পাঠায়। বিষয়টি বর্তমানে প্রধান বিচারপতি গাভাইয়ের বেঞ্চে বিচারাধীন ।

সোমবার এই মনোনয়ন প্রসঙ্গে বিচারপতি গাভাই তাঁর সহকর্মী সূর্য কান্তের প্রশংসা করে বলেন, ‘ তিনি বিচার ব্যবস্থার সঙ্গে মানবিক মূল্যবোধকে যুক্ত করেছেন। সেটাই তাঁর সবচেয়ে বড় অবদান।’ সূত্র অনুযায়ী, বিচারপতি সূর্য কান্ত প্রধান বিচারপতি হিসেবে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ, প্রায় ১৪ মাস তিনি দেশের শীর্ষ আদালতের নেতৃত্ব দেবেন ।