স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষ! লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ আধিকারিক

সরষের মধ্যেই ভূত! খোদ স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষ কাণ্ড! ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (FCRA)-এর অধীনে এক সংস্থাকে লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল স্বরাষ্ট্র দপ্তরের ২ আধিকারিকের বিরুদ্ধে। এই ঘটনায় শীর্ষ ২ আধিকারিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।খোদ সরকারের দফতরে এমন ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে উত্তেজনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর দিল্লির দুই সিনিয়র আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনে কর্মরত এবং দ্বিতীয় জন পূর্বে ফরেনার্স ডিভিশনের দায়িত্বে থাকলেও বর্তমানে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে কাজ করেন,প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।এছারাও এই দুই আধিকারিক বেশ কয়েকটি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এবং এফসিআরএ-র অধীনে সেই সংস্থাগুলিকে লাইসেন্স পাইয়ে দেওয়া ও পুনর্নবীকরণ করার জন্য দুজনেই ঘুষ নিতেন।

অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।আরও জানানো হয়েছে, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যে কোনও দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এফসিআরএ-সম্পর্কিত সমস্ত পরিষেবা এফসিআরএ পোর্টালের মাধ্যমে অনলাইনেই প্রদান করা হয়ে থাকে।এছারাও দুর্নীতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোনও মধ্যস্থতাকারী, এজেন্ট বা ব্যক্তি কোনও এফসিআরএ পরিষেবা প্রদানে অনুমোদিত নয়। খোদ সরকারি দফতরেই ঘুষ নেওয়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।