জ্বালানির সংকটে তিরুবনন্তপুরম বিমানবন্দরে ব্রিটিশ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

বিমানটির জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় পাইলট অবিলম্বে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুরোধ জানান।

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, যখন একটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান হঠাৎ করে জরুরি অবতরণ করে। বিমানটির জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় পাইলট অবিলম্বে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুরোধ জানান। রাত আনুমানিক ৯.৩০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পাইলটের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে, যাতে অবতরণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। পরিস্থিতি অত্যন্ত দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে সামাল দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

জানা যাচ্ছে, যুদ্ধবিমানটি একটি বিমানবাহী রণতরী থেকে উড়ে এসেছিল। এটি বর্তমানে তিরুবনন্তপুরম বিমানবন্দরের এক প্রান্তে পার্ক করে রাখা হয়েছে। পুনরায় জ্বালানি ভরার প্রস্তুতি চলছে, তবে তার আগে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।

এ ধরনের উন্নত প্রযুক্তির সামরিক বিমানের হঠাৎ করে ভারতে অবতরণ করাকে কেন্দ্র করে বিমানবন্দর জুড়ে কিছু সময়ের জন্য টানটান উত্তেজনা তৈরি হলেও, পাইলটের দক্ষতা ও স্থানীয় কর্তৃপক্ষের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।