১৯ বছর পরেও নন্দীগ্রামের ক্ষত টাটকা। নন্দীগ্রাম দিবসে গোকুলনগরে দাঁড়িয়ে সিপিএম ও তৃণমূল দুই দলকেই কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। নন্দীগ্রামবাসীর পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, অতীতেও তাঁদের সঙ্গে ছিলেন, আগামীতেও থাকবেন। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে বহু মৃতের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
নন্দীগ্রামের রাজনৈতিক ইতিহাসে একাধিকবার পালাবদল ঘটেছে। ২০০৭ সালে বাম সরকারের আমলে ‘অপারেশন সূর্যোদয়’-এর পর রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পথ তৈরি হয়েছিল। ২০১১ সালে বামেদের সরিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আর এবছর সেই তৃণমূলকেও হারিয়ে বাংলার মসনদে বসেছে বিজেপি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একসময় নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই বাম সরকারের বিরুদ্ধে লড়েছিলেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। নন্দীগ্রাম দিবসে তাই বামেদের পাশাপাশি তৃণমূলকেও আক্রমণ করলেন তিনি। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন নন্দীগ্রামের শহিদদের জন্য কোনও কাজ করেনি তৃণমূল সরকার। এমনকী, মৃতদের ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এত বছর পরেও নন্দীগ্রামের মানুষ ন্যায়বিচার পাননি বলেও দাবি করেন শুভেন্দু।
নন্দীগ্রামের সেই ভয়াবহ দিনের স্মৃতি তুলে ধরে এদিন সিপিএমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ১১ জনকে ধরে নিয়ে গিয়ে সিপিএমের পার্টি অফিসে নৃশংসভাবে খুন করা হয়েছিল। পরে তাঁদের দেহ টুকরো করে প্লাস্টিকে ভরে সমুদ্রে ফেলে দেওয়া হয়। আজও তাঁদের কারও দেহ উদ্ধার হয়নি বলে অভিযোগ করেন তিনি। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুর করা মন্তব্যেরও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তবে ব্যক্তি বুদ্ধদেবের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল বলে জানান শুভেন্দু। একইসঙ্গে তাঁর কটাক্ষ, বুদ্ধদেব ভালো মানুষ হলেও তাঁর দল ভালো ছিল না।
তৃণমূলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। শুভেন্দুর অভিযোগ, বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও গত ১৫ বছরে নন্দীগ্রামের জন্য কিছুই করেনি তৃণমূল সরকার। শহিদদের পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র পর্যন্ত তুলে দেওয়া হয়নি। নন্দীগ্রামবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন,‘‘আমি আপনাদের পাশে সেদিনও ছিলাম, আজও আছি। আমি আমার সংকল্পে অটুট। কিন্তু চোর তৃণমূলকে পাবেন না আর। আগামী ১০০ বছর ওদের নাম-নিশান থাকবে না।” এদিন গোকুলনগরে শহিদ বেদিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের আগে বেদিটির রং বদলে গেরুয়া করা হয়।