বাইকের সঙ্গে ধাক্কায় বাসে আগুন অন্ধ্রপ্রদেশে। দগ্ধ হয়ে মৃত ২৫

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান। আহতদের পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেবে কেন্দ্র

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: দিওয়ালির আবহে যখন দীপের উৎসবে মেতেছে দেশবাসী ঠিক সেই সময় এক মর্মান্তিক দুর্ঘটনার স্বাক্ষী থাকলো অন্ধ্রপ্রদেশ। দুরপাল্লার একটি বাসে আগুন লাগার ফলে ২৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু যাত্রী। আগত যাত্রীরা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে।

অন্ধ্রপ্রদেশের স্থানীয় পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, শুক্রবার রাতেই যাত্রী বোঝাই এই লাক্সারি বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসটি ভোরবেলা যখন কুর্নুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে আসে ঠিক তখনই বেঙ্গালুরু হায়দ্রাবাদ হাইওয়েতে একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে বাসটি। বাস থেকে বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়। কয়েক মিনিটের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। অধিকাংশ যাত্রীরাই বাস থেকে বাইরে আসার সময়টুকুও পাননি। ফলে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একাধিক যাত্রীর। যখন ঘটনাটি ঘটে তখন বাসটিতে চালক, খালাসি সহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। ১৫ জনকে কোনও রকমভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের ।

দুর্ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই নিজেদের সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। যারা আহত হয়েছেন তাদেরকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানও দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কুর্নুলের দুর্ঘটনায় আমি ব্যাথিত। মৃতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

শুধু প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভয়াবহ এই বাস দুর্ঘটনার খবর শুনে আমি মর্মাহত। যারা তাদের আত্মীয় পরিজনদের হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। কেন্দ্র সরকার আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারদের পাশে থাকবে এবং সমস্ত দিক থেকেই সাহায্য করবে।

এই বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা যেরকম দিচ্ছে কেন্দ্র সরকার। ঠিক সেই রকম প্রশাসনও তৎপরতার সঙ্গে বাসটিতে ঠিক কিভাবে আগুন লাগলো। বাইকটির সঙ্গে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছিল যার এই পরিণতি হল। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে।