সিএবির ভোটব্যবস্থা নিয়ে এবার সরব উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার। তাঁর অভিযোগ, কলকাতাকেন্দ্রিক ভোটব্যবস্থার কারণেই রাজ্য ক্রিকেটে ‘সিন্ডিকেট’ তৈরি হয়েছে। জেলার প্রতিনিধিত্ব বাড়িয়ে এই ব্যবস্থা বদলাতে হবে। এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কলকাতা ময়দানে রাজস্থান ক্লাবের হয়ে প্রথম ডিভিশন ক্রিকেট খেলা সৌরভ সম্প্রতি সিএবির গ্রাউন্ড কমিটিতে জায়গা পেয়েছেন। তাঁর দাবি, সিএবির বর্তমান সংবিধান অনুযায়ী ১৪৯টি ভোটের মধ্যে ৯৪টি ক্লাবের। তার প্রায় সবই কলকাতাকেন্দ্রিক। জেলার ভোট মাত্র ১৮টি। বিশ্ববিদ্যালয়ের আটটি এবং ওয়েস্ট বেঙ্গল অফিস স্পোর্টস ফেডারেশনের একটি ভোট রয়েছে। ফলে ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’ কার্যত ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ কলকাতা’ হয়ে গিয়েছে বলে মন্তব্য তাঁর।
সিএবির দ্বিতীয় ডিভিশন লিগ নিয়েও একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি সৌরভের। তাঁর অভিযোগ, ক্লাবে খেলা, সিলেকশন কিংবা নির্দিষ্ট অ্যাকাডেমিতে সুযোগ পাওয়া—সব ক্ষেত্রেই টাকা নেওয়ার অভিযোগ ওঠে। তাঁর কথায়, “সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। পুরোটা সিন্ডিকেট চলছে।”
জেলার ভোট বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে বিধায়ক বলেন, মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যে একাধিক ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব রয়েছে। বাংলাতেও জেলার প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। তাঁর দাবি, জেলা ক্রীড়া সংস্থাগুলিতে সরকারি আধিকারিকদের প্রাধান্যের বদলে ক্রিকেটের সঙ্গে যুক্ত মানুষদের ভূমিকা বাড়াতে হবে।
জেলার প্রতিভা উঠে আসার পথও এতে খুলবে বলে মনে করেন সৌরভ। শিবশঙ্কর পাল, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দার পর জেলা থেকে জাতীয় স্তরে ক্রিকেটার উঠে আসা কমেছে বলে তাঁর দাবি। একই সঙ্গে আইএফএ-তেও কলকাতাকেন্দ্রিক কাঠামো বদলের পক্ষে সওয়াল করেছেন তিনি।
জেলা ভিত্তিক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দিয়েছেন সৌরভ। তাঁর বক্তব্য, জেলায় স্টেডিয়াম রয়েছে, স্পনসরও পাওয়া যাবে। “পাঁচ বছরের মধ্যে ছবিটা বদলে দেওয়া সম্ভব”, দাবি তাঁর। তবে সিএবি কমিটিতে বিজেপির একাধিক বিধায়ক থাকার প্রসঙ্গে সৌরভের যুক্তি, “ময়লা পরিষ্কার করতে গেলে পাঁকে নামতেই হবে।”