“নাগরিকত্বের আবেদন করা মানেই, নাগরিক হওয়ার অধিকার জন্মায় না”

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা: এসআইআর নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। “নাগরিকত্বের আবেদন করা মানেই নাগরিক হওয়ার অধিকার জন্মায় না”, মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বিচারপতি বলেন, “ যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের বিষয়বস্তু আলাদা। ফলে জনস্বার্থ মামলায় এর বিচার করা সম্ভব নয়। যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন তারা চাইলে আলাদা করে সমাধান খুঁজতেই পারেন।“
নাগরিকত্বের আবেদন জানানোর নথি যেন SIR- এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংগঠন। আত্মদীপ নামে একটি সংগঠনের করা মামলাটি শোনেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
কেন্দ্রের আইনজীবী এএসজি আইনজীবী অশোক চক্রবর্তী জানান, “সিএএ-এর আইন সংশোধনের কারণ প্রতিবেশী রাষ্ট্র থেকে বেআইনিভাবে যারা এসেছে তাদের চিহ্নিত করা। দশ দিনের মধ্যে এটা বিবেচনা করা হবে। যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের কন্সিডার করা হবে।“
এডিশনাল সেক্রেটারি হোম আশ্বাস দিয়েছেন “শুধু এই মামলার সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য বিবাচনা করা হবে। তবে দেশের অন্যত্র যেখানে এইধরনের মামলা বিচারাধীন, তাদের জন্য প্রযোজ্য নয়। “
রাজ্য জানায় “এই নিয়ে আমাদের কোন ভূমিকা নেই। কমিশন যাবতীয় কাজ করছে।“
কেন্দ্র জানিয়েছে, “রাজ্যকে নব্বই দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে। সেটা হয়নি। রাজ্য আমাদের কাছে কিছু পাঠায়নি। “
পাল্টা মামলাকারীর আইনজীবী মৈনাক বসু জানান, “জনস্বার্থ মামলায় সকলের কথা বলা হয়েছে। দেশজুড়ে প্রায় পঞ্চাশ হাজার আবেদন পাঠানো হয়েছে। যে আবেদনগুলি পড়ে আছে সেগুলির ভবিষ্যৎ কী ? কেন্দ্র বিবেচনা করে হয় অনুমতি দিক, না হয় বাতিল করুক। অন্তত সিদ্ধান্ত নেওয়া হোক। এসআইআরের এনুমারেশন ফর্মে এদের জন্য কোনও অপশন রাখাই হয়নি।“
সবমিলিয়ে দেশজুড়ে প্রায় পঞ্চাশ হাজার আবেদনকারীদের মধ্যে শুধু এই মামলায় রাজ্যের যারা রয়েছেন, তাদের আবেদন দশদিনের মধ্যে বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব। অ্যাডিশনাল সেক্রেটারি হোম তিনি আশ্বাস দিয়েছেন “শুধু এই মামলার সঙ্গে যুক্ত যারা তাদের জন্য বিবাচনা করা হবে। তবে দেশের অন্যত্র যেখানে এইধরনের মামলা বিচারাধীন তাদের জন্য প্রযোজ্য নয়।“
সব পক্ষের বক্তব্য শুনে এসআইআর নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। “নাগরিকত্বের আবেদন করা মানেই নাগরিক হওয়ার অধিকার জন্মায় না”, মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।