ঘুম হঠাৎ ভেঙ্গে যায় ?মনে হয় কোন শক্তি নেই ? নিজের হাত পা নাড়ানোর মতো ক্ষমতা থাকে না, এমনকি মুখে আওয়াজ করার শক্তি ও থাকে না। অনেক চেষ্টার পর গোঙ্গানির মতো আওয়াজ বের হয়।মনে হয় দম আটকে মারা যেতে হবে হয়ত। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় বিষয়টা। কিন্তু তাতেই মনে হয় অনেকক্ষণ। বাংলায় একেই বলে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস বা ঘুমের মধ্যে পক্ষাঘাত।

মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ-গভীর ঘুম ও জাগরণের মধ্যবর্তী স্নায়ু জনিত সমস্যা এই স্লিপ প্যারালাইসিস। যখন মস্তিস্ক খুব সক্রিয় থাকে কিন্তু শরীরের কোন পেশী কাজ করে না। সেই সমস্যাই স্লিপ প্যারালাইসিস। এই পরিস্থিতি যে কোন বয়সে হতে পারে। তবে বেশ কিছু কারণ আছে যা এই ধরনের সমস্যা বাড়ায়। যেমন পর্যাপ্ত ঘুমের অভাব, অসময়ে ঘুমনো, মাদকাসক্ত হলে,পারিবারিক ইতিহাস থাকলে বা প্যানিক ডিজঅর্ডার বা বাইপোলার ডিজঅর্ডার এর মতো মানসিক ব্যাধি থাকলে এই রোগ বাড়তে পারে।

বেশ কিছু লক্ষণ থেকে বোঝা যায় যে এই সমস্যা আছে। যেমন শ্বাস নিতে কষ্ট হওয়া, চোখ খুলতে এমনকি চোখ নাড়াচাড়া করতে সমস্যা হওয়া, ভীষণ ভয় হওয়া, ঘাম হওয়া, শ্বাসপ্রাশ্বাসের গতি বেড়ে যাওয়া এমনকি ব্লাডপেশারও বেড়ে যাওয়া। তবে ঘুম থেকে জেগে গেলে আবার সব ঠিক হয়ে যায়। যদিও এটি কোন গুরুতর রোগ নয়। এমনকি মাঝে মাঝে নিজে থেকেও ভালো হয়ে যায়।

কিছু বিষয় মাথায় রাখলে এই সমস্যাকে এড়ানো সম্ভব। রাতে অন্তত ৬-৮ ঘন্টা ঘুমনো। একই সময় ঘুমতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করা। সুন্দর পরিবেশ তৈরী করা ঘুমনোর জন্য। ঘুমতে যাবার আগে হালকা খাবার গ্রহণ করা উচিত। মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যাবহার করবেন না অন্তত ঘুমতে যাবার আগে। দিনের বেলা বেশী ঘুমবেন না। এবং সব শেষে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না।