তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলার অভিযোগ আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ক্যানিং পূর্বের তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলার অভিযোগ আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চাঁদপুর এলাকার ঘটনা। যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা গালিগালাজের অভিযোগ তুলেছে আইএসএফ।

তৃণমূলের অভিযোগ চাঁদপুর এলাকার উপর দিয়ে র্যালি করে যাওয়ার পথে তৃণমূল পঞ্চায়েত সদস্যা ফিরোজা বিবি ও তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর ও বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও বাহারুল ইসলামরা। আরাবুলের বিরুদ্ধে অভিযোগ করেন শওকত-বাহারুলরা।

অপর দিকে আইএসএফের অভিযোগ র্যালি করে ফেরার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে গালিগালাজ করে তৃণমূল সমর্থকরা। তারপরেই দুইপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তারপর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙড় থানার পুলিশ। সবমিলিয়ে প্রথম দফার ভোটের আগেই থমথমে পরিস্থিতি ক্যানিং পূর্বে। তাহলে দ্বিতীয় দফার ভোটের আগে কী পরিস্থিতি হবে, সেটাই এখন বড় প্রশ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।