এলাকায় সন্ত্রাস। ঘটনাস্থলে গেলে পুলিশ কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যে গেরুয়া ঝড়। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে। পার্টি অফিস দখল, হামলার মতো অভিযোগও আসছে ভুরি ভুরি। কড়া হাতে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী। এরইমধ্যে ক্যানিং এর নারায়ণপুরে ব্যাপক উত্তেজনা। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর। রাতারাতি দল বদলে বিজেপি হয়ে ভাঙচুর চালানো হল এলাকার তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাখালতলা এলাকায় প্রাক্তন তৃণমূল নেত্রী রহিমা লস্কর ওরফে বেবির বিরুদ্ধেই অভিযোগের আঙুল। রাজ্যে পালাবদলের সাথে সাথেই দল বদলে বিজেপির ঝান্ডা নিয়ে বুধবার সকাল থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দখল থেকে শুরু করে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ বেবি ও তার দলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশ কর্মীদের মারধর ও তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ কর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এলাকায় ব্যাপক ধরপাকড় তল্লাশি অভিযান শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় অন্তত কুড়ি জনকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে বেবিকেও। গতকাল নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সরদারের অফিস থেকে উদ্ধার হয়েছিল প্রচুর ধারালো অস্ত্র। দীর্ঘদিন ধরেই এই সালাউদ্দিন এর সাথে বেবির অশান্তি রয়েছে। টাইপ রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতা সালাউদ্দিন এর বাড়ি ও তার অনুগামীদের ওপর চড়াও হয় বেবির দল।