ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের খাসকুমড়োখালি এলাকায় মাছের ভেড়ির দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলা-সহ ১২ জন গুরুতর জখম হয়েছেন। সোমবার বিকালে ঘটনাটি ঘটে। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যানিং থানার আইসি তুষার বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্বজিত নস্কর, নিজস্ব সংবাদদাতা
আহতরা হলেন সাদেক লস্কর, সারাফত লস্কর, আইনুল লস্কর, কাশ্মিরা লস্কর, মাজেদা লস্কর, আয়েন আলি লস্কর, সাবির আলি লস্কর, ফারুক লস্কর, ইয়ারফ মোল্লা, সাকিলা লস্কর, ফরেজ লস্কর ও ইনসান লস্কর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কয়েকশো বিঘা জমির উপর একটি বড় মাপের মাছের ভেড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ভেড়ির মালিকানা ও দখলদারি নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। সোমবার বিকালে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, এরপর উভয় পক্ষই লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে একে অপরের উপর চড়াও হয়। প্রায় আধ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
ঘটনা নিয়ে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বিজেপির খাসকুমড়োখালির ৭২ নম্বর বুথের বুথ সভাপতি মনিরুল লস্করের অভিযোগ, মিটিংয়ে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত প্রায় ৫০ জন দুষ্কৃতী তাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুর চালায়। এতে তাঁদের পক্ষের ৭ জন গুরুতর জখম হন। তিনি তালদি পঞ্চায়েতের তৃণমূল সদস্য জলিল লস্কর, লতিফ লস্কর, আজারুল লস্কর, খতিব লস্কর-সহ অন্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন।
অন্যদিকে অপর পক্ষের সাকের লস্কর, সারাফত লস্করদের দাবি, তাঁরা বিজেপি করেন। প্রতিপক্ষ আইএসএফ করে। অভিযোগ, প্রতিপক্ষ তাঁদের ভেড়ি দখল করতে এসে বাধা পেয়ে তাঁদের পক্ষের ৫ জনকে বেধড়ক মারধর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেড়িটি দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার বিকালে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও সমর্থকদের নিয়ে একটি মিটিং হয়। সেখানে ভেড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে আলোচনা হয় বলে খবর ছড়ায়। এরপরই ভেড়ি হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপর পক্ষ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় লোহার রড, বাঁশ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।ঘটনায় জড়িত ১০ জন কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।