মঙ্গলবার সকালে তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে এবং ঘটনাস্থল ঘুরে মামলা পুনর্নির্মাণের কাজ শুরু করে।

মাম্পি রায়, সাংবাদিক : রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পিএ চন্দ্রনাথ রথ খুনের তদন্তে নেমে মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং সিএফএসএল-এর দল। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গত সপ্তাহে খুন হন চন্দ্রনাথ। সেই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই। মঙ্গলবার সকালে তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে এবং ঘটনাস্থল ঘুরে মামলা পুনর্নির্মাণের কাজ শুরু করে।
সিবিআইয়ের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ‘‘আমরা আমাদের কাজ করছি।’’ তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চাননি তিনি। সূত্রের খবর, এই খুনের তদন্তে সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সিবিআই। নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক।
গত ৬ মে গভীর রাতে মধ্যমগ্রামের কাছে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন চন্দ্রনাথ রথ। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী হিসাবেও পরিচিত ছিলেন। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরও এই খুনকে ‘‘পরিকল্পিত হত্যা’’ বলেই দাবি করেন শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, কয়েক দিন ধরে চন্দ্রনাথের গতিবিধির উপর নজরদারি চালানো হয়েছিল। পরে সুযোগ বুঝে কাছ থেকে গুলি করা হয় তাঁকে।
এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। তদন্তকারীদের দাবি, মায়াঙ্ক ও ভিকিকে বিহারের বক্সার থেকে আটক করা হয়। অন্য দিকে, রাজ সিংকে ধরা হয় উত্তরপ্রদেশের বলিয়া থেকে। জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে তিন জনকেই আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় জানান, আদালত ধৃতদের ২৪ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, প্রমাণ নষ্ট করার অভিযোগে অতিরিক্ত ধারাও যুক্ত করার আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। একই দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেসও। বিরোধীদের বক্তব্য, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য সামনে আসা সম্ভব।