রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা প্রক্রিয়া

১ আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, থাকবে ডিজিটাল ‘সেলফ এনিউমারেশন’।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : রাজ্যে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত জনগণনা প্রক্রিয়া। শুক্রবার নবান্নে সেন্সাস সংক্রান্ত বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী ১ আগস্ট থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে জনগণনা। চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের জনগণনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, প্রথম বার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ। মুখ্যমন্ত্রী জানান, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। অর্থাৎ থাকছে ‘সেলফ এনিউমারেশন’-এর সুযোগ।
সরকারি পোর্টালের মাধ্যমে পরিবারগুলি নিজেদের তথ্য আপলোড করতে পারবে। তথ্য সফল ভাবে জমা পড়লে একটি বিশেষ ‘সেলফ এনিউমারেশন আইডি’ তৈরি হবে। পরে গণনাকারীরা বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করে কেন্দ্রীয় ডেটাবেসে আপলোড করবেন।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। এর মধ্যে রাজনীতি বা ধর্ম খোঁজার কোনও কারণ নেই।”

একই সঙ্গে তিনি দাবি করেন, অনুপ্রবেশের কারণে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন এসেছে। পূর্বতন সরকারের সমালোচনাও করেন তিনি। তাঁর কথায়, “আগের সরকারের গাফিলতির কারণেই আমরা এত দিন পিছিয়ে ছিলাম।”
জনগণনা প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ১৮৫৫ নম্বরে ফোন করে তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ১১ মে জনগণনা শুরুর জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুক্রবারের বৈঠকের মাধ্যমে প্রশাসনিক প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছল বলে মনে করছে নবান্ন।