আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর জাতীয় সভাপতি চন্দ্রশেখর আজাদ শুক্রবার ভোটাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কোনও যোগ্য নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
চন্দ্রশেখর আজাদের কথায়, দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ, ভোটের মাধ্যমেই মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয়। সরকারের নীতি থেকে শুরু করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর ভোটের প্রভাব রয়েছে। তিনি বলেন, “একটিও ভোট বাদ পড়া উচিত নয়। ভোট দেওয়ার অধিকার মানুষের সবচেয়ে বড় অধিকার। এই অধিকারই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং বাড়ি থেকে শুরু করে গোটা দেশের বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করে।” তিনি আরও বলেন, SIR-এর সময়সীমা বাড়ানো হলেও কোনও যোগ্য ভোটারের নাম বাদ রাখা চলবে না। যাঁদের বৈধ ভোটার পরিচয় রয়েছে, অথচ তালিকায় নাম নেই, তাঁদের প্রত্যেকের নাম অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে ভোটারদের কাছে পৌঁছনো এবং ভোটদানের হার বাড়ানোর দিকেও নির্বাচন কমিশনকে নজর দিতে হবে। এই দায়িত্ব গুরুত্ব দিয়ে পালন করা উচিত কমিশনের।
প্রসঙ্গত, বুধবার নির্বাচন কমিশন ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর সময়সীমা বাড়িয়েছে। এই তালিকায় রয়েছে হরিয়ানা, নাগাল্যান্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লি। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ অক্টোবর নির্বাচন সদন থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন এবং আপত্তি জানানোর সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, দাবি ও আপত্তি খতিয়ে দেখা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও বদল করা হয়েছে।