অন্নপূর্ণা আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

“অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সরকার।”

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ফলতায় সরকারি প্রকল্প জনকল্যাণ শিবিরে বিভিন্ন স্টলে স্টলে ঘুরলেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বিশেষ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা ৩,০০০ টাকা করে পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি। এখনও যাঁরা টাকা পাননি, তাঁদের জন্যও আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বহু মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছতে শুরু করেছে।

তবে এখনও যাঁরা টাকা পাননি, তাঁদের জন্যও আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে।

তাঁর দাবি, আগের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই কারণেই অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদনপত্র জমা নেওয়া এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এই প্রকল্পের টাকা প্রকৃত উপভোক্তাদের হাতেই পৌঁছবে, তা নিশ্চিত করতেই বিস্তারিত যাচাই করা হচ্ছে। কোনও ধরনের অনিয়ম বা ভুয়ো নাম যাতে তালিকায় না থাকে, সেই বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ২৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার অর্থ পেয়ে গিয়েছেন। অন্যদিকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন এবং নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁদের তথ্য যাচাইয়ের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে এবং যাঁদের নাম সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে, তাঁরা আগামী ১ জুলাই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পেয়ে যাবেন। ফলে লক্ষ লক্ষ আবেদনকারীর অপেক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।