সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাগনানে গিয়ে পরিবারের কাছে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : হাওড়ার বাগনানে তৃণমূল দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বিজেপি নেতা প্রশান্ত দে-র বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাগনানে গিয়ে পরিবারের কাছে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোন অপরাধীকে ছাড়া হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে হাওড়া বাগনান থানা এলাকার পাইকপাড়িতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা প্রশান্তকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায় বলে অভিযোগ ওঠে। এরপর তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিনজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার ঘটনায় অভিযোগের তির আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মফিজুল ও তার দলবলের দিকে। ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকাছাড়া। তাদের খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর বাগনান এলাকায় এই ধরনের প্রথম ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। কোনও অপরাধীকে ছাড়া হবে না বলেও আশ্বাস দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং পদক্ষেপের ফলে সন্তোষ প্রকাশ করেছেন মৃতের পরিবারের সদস্যরা।