ভারত-সুইস রাষ্ট্রপতির সাক্ষাৎ

ভারত-সুইজ়ারল্যান্ড ঘনিষ্ঠ সহযোগিতায় দু’দেশেরই বিপুল লাভ, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গণতন্ত্র এবং আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের উপর দাঁড়িয়ে ভারত-সুইজ়ারল্যান্ডের সম্পর্ক দীর্ঘ দিন ধরেই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভারত এবং সুইজ়ারল্যান্ডের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও বাড়লে দু’দেশের মানুষেরই বিপুল উপকার হবে। সোমবার সুইজ়ারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে এই বার্তাই দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর কথায়, গণতন্ত্র এবং আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের উপর দাঁড়িয়ে ভারত-সুইজ়ারল্যান্ডের সম্পর্ক দীর্ঘ দিন ধরেই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।

পারমেলিনকে ভারতে স্বাগত জানিয়ে মুর্মু বলেন, বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, সংস্কৃতি এবং দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ—বিভিন্ন ক্ষেত্রেই ভারত ও সুইজ়ারল্যান্ডের সহযোগিতা রয়েছে। নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক এবং পারস্পরিক সফরও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতি দিয়েছে।

সুইজ়ারল্যান্ড ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগী বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য, ভারত এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থার (EFTA) মধ্যে ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ায় আগামী দিনে দু’দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির আরও বড় সুযোগ তৈরি হয়েছে।

ভারতে সুইস সংস্থাগুলির বিনিয়োগের কথাও তুলে ধরেন মুর্মু। বিশেষত পরিকাঠামো ক্ষেত্রে সুইস সংস্থাগুলির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। রাস্তা, রেলসেতু এবং সুড়ঙ্গ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে তাদের অংশগ্রহণ রয়েছে বলে জানান তিনি।

তবে শুধু পরিকাঠামোতেই সহযোগিতা সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের নতুন ক্ষেত্রগুলিতেও নজর দেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো দ্রুত বিকাশশীল ক্ষেত্রে ভারত-সুইজ়ারল্যান্ড যৌথ ভাবে কাজ করতে পারে বলে তাঁর মত।

পারমেলিনের সফরে অভিবাসন ও যাতায়াত, গবেষণা এবং প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান মুর্মু। দুই রাষ্ট্রপ্রধানেরই আশা, এই সফরের হাত ধরে ভারত ও সুইজ়ারল্যান্ডের দীর্ঘ দিনের বন্ধুত্ব আরও মজবুত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।